জিমে না গিয়েও কমবে পেটের মেদ! মেনে চলুন এই ৫ সহজ নিয়ম

ওজন বাড়ার পাশাপাশি পেটের মেদ বা ভুঁড়ি বাড়লে দুশ্চিন্তার শেষ থাকে না। নারী-পুরুষ উভয়ের জন্যই এটি একটি উদ্বেগের কারণ। এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই জিমে যাওয়া আবশ্যক মনে করেন। তবে পেটের মেদ ঝরানো দেহের অন্যান্য অংশের চেয়ে তুলনামূলকভাবে কঠিন হলেও, নিয়মিত জিমে যাওয়া বাধ্যতামূলক নয়। কিছু নিয়ম মেনে চললেই এই মেদ ভুঁড়ি কমানো সম্ভব।

১) খাদ্যাভ্যাসে আনুন পরিবর্তন:

একবারে বেশি খাবার না খেয়ে অল্প অল্প করে বারবার খান। ওজন কমাতে হলে খাবারের ক্যালোরির পরিমাণ কমানো জরুরি, বিশেষ করে ভুঁড়ি কমাতে এটি অপরিহার্য। সারা দিনে খাবারকে ৫-৬ বারে ভাগ করে খান। প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করুন এবং বাইরের অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলুন।

২) গ্রিন টি ও বাদাম:

সন্ধ্যায় গ্রিন টির সঙ্গে কিছু বাদাম খেতে পারেন। গ্রিন টি অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ যা বিপাকক্রিয়ায় সাহায্য করে। অন্যদিকে বাদামে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট ও প্রোটিন যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক। এই দুটি খাবার একসঙ্গে খেলে কয়েক দিনেই মেদ কমতে শুরু করবে।

৩) মুগ ডাল ও পালং শাক:

মেদ ঝরাতে যেকোনো ডালই উপকারী, তবে মুগ ডাল এক্ষেত্রে বেশি কার্যকরী। এই ডালে রয়েছে ফাইবার ও প্রোটিনের মতো স্বাস্থ্যকর উপাদান। এর সঙ্গে যদি মিনারেলসে ভরপুর পালং শাক খাওয়া যায়, তাহলে পেটের মেদ কমাতে দারুণ সাহায্য করে। ভুঁড়ি কমাতে চাইলে মুগ ডাল ও পালং শাকের জুটির উপর ভরসা রাখতে পারেন।

৪) বাদ দিন অতিরিক্ত চিন্তা:

অতিরিক্ত চিন্তা ও শারীরিক কার্যকলাপের অভাবের কারণেও কোমরের চারপাশে বা পেটে মেদ জমতে পারে। তাই ভুঁড়ি কমাতে অবশ্যই চিন্তামুক্ত জীবনযাপন করতে হবে এবং সক্রিয় থাকতে হবে।

৫) দীর্ঘক্ষণ বসে বা শুয়ে থাকা এড়িয়ে চলুন:

অনেকেই খাবার খাওয়ার পর পরই বসে পড়েন বা শুয়ে থাকেন। এতে খাবার সঠিকভাবে পরিপাক হয় না এবং পেটে চর্বি জমতে থাকে। তাই খাবার খাওয়ার পর একটানা শুয়ে বা বসে না থেকে ১৫ থেকে ২০ মিনিট হাঁটাহাঁটি করা উচিত। এছাড়াও যাদের সারাদিন টেবিল-চেয়ারে বসে কাজ করতে হয়, তাদের পেটে সহজে মেদ জমে যায়। ভুঁড়ি কমাতে প্রতি ৩০-৪০ মিনিট পর উঠে ১০-১৫ মিনিট হাঁটাচলা করা জরুরি।

তেল থেকে থাকুন দূরে:

বাইরের খাবার বন্ধ করার পাশাপাশি বাড়ির খাবারেও তেলের ব্যবহার কমাতে হবে। ঘি ও মাখন থেকে দূরে থাকার চেষ্টা করুন। এতে কোলেস্টেরলের ঝুঁকি কমানোর পাশাপাশি ভুঁড়িও দ্রুত কমবে।

এই সহজ নিয়মগুলো মেনে চললে জিমে না গিয়েও আপনি পেটের মেদ কমাতে পারবেন এবং একটি সুস্থ জীবনযাপন করতে পারবেন।