কানের লতিতে ভাঁজ? অবহেলা নয়, হতে পারে হৃদরোগের গুরুতর ইঙ্গিত!

অনেকের কানের লতিতে ভাঁজ দেখা যায়, বিশেষ করে মধ্যবয়স্ক বা বয়স্কদের ক্ষেত্রে। বেশিরভাগ মানুষই এই বিষয়টি তেমন গুরুত্ব দেন না। কানের লতির এই ভাঁজকে চিকিৎসা পরিভাষায় ফ্রাঙ্কের চিহ্ন (Frank’s sign) বলা হয়। তবে এই আপাত নিরীহ চিহ্নটি কিন্তু শরীরের গুরুতর স্বাস্থ্য সমস্যার, বিশেষ করে হৃদরোগের, ইঙ্গিত দিতে পারে।

কানের লতির ভাঁজ ও হৃদরোগের সম্পর্ক
যদিও বিজ্ঞানীরা এখনও সুনির্দিষ্টভাবে জানতে পারেননি কেন কানের লতিতে ভাঁজের সৃষ্টি হয়, তবে গবেষণায় দেখা গেছে এই ভাঁজ থাকলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। বিশেষজ্ঞরা মনে করেন, অস্বাস্থ্যকর জীবনযাপন, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত মানসিক উদ্বেগ—সব মিলিয়েই উচ্চ রক্তচাপের মতো সমস্যা বাড়ছে। আর এই উচ্চ রক্তচাপের হাত ধরেই শরীরে বাসা বাঁধছে হৃদরোগ, বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি।

চিকিৎসকরা জানাচ্ছেন, হার্ট অ্যাটাকের আগাম ইঙ্গিত হিসেবে কানের লতি কুঁচকে যাওয়া, কান নীল হয়ে যাওয়া অথবা কানে ব্যথার মতো কিছু উপসর্গ দেখা দিতে পারে। অনেকেই এই লক্ষণগুলো এড়িয়ে যান, যা মারাত্মক হতে পারে। হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে হলে এর আগাম সব লক্ষণ সম্পর্কে জেনে সতর্ক থাকা জরুরি।

কখন দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন?
শুধু কানের উপসর্গগুলোই নয়, এর সঙ্গে যদি বুকে ব্যথা থাকে, তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC)-এর তথ্য অনুসারে, হার্ট অ্যাটাকের লক্ষণগুলো পুরুষ ও নারীর ক্ষেত্রে কিছুটা ভিন্ন হতে পারে। তবে উভয় ক্ষেত্রেই একটি সাধারণ ও গুরুত্বপূর্ণ উপসর্গ হলো বুকে ব্যথা।

নারীদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের অন্যান্য সাধারণ লক্ষণগুলো হলো:

বমি ভাব
শ্বাসকষ্ট
পিঠ বা চোয়ালের ব্যথা
হার্ট অ্যাটাকের অন্যান্য সাধারণ লক্ষণগুলো হলো:

বুকের বাম দিকে চিনচিনে ব্যথা
বুকে চাপ অনুভব করা
অস্বস্তি