সতর্কবার্তা! বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যু হয় এই রোগে, হার্ট অ্যাটাকের ঝুঁকি দ্বিগুণ বাড়াচ্ছে যে ৪ জীবনশৈলী রোগ

বিশ্বজুড়ে হৃদরোগে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। অনিয়ন্ত্রিত জীবনযাত্রা এবং বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগের কারণে হৃদরোগের ঝুঁকি কেবল বয়স্কদের মধ্যেই নয়, কমবয়সীদের মধ্যেও বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর মতে, বিশ্বে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় কার্ডিওভাস্কুলার (CVD) রোগে। ২০১৯ সালে প্রায় ১ কোটি ৭৯ লাখ মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন, যার মধ্যে হার্ট অ্যাটাক ও স্ট্রোক অন্যতম।

বিশেষজ্ঞরা হার্ট অ্যাটাক (Heart Attack) নিয়ে সবাইকে সতর্ক থাকতে বলছেন। হার্টের রক্তনালির ভেতরে প্লাক জমে গেলে রক্ত চলাচল ব্যাহত হয়। ফলে হৃদপেশিতে অক্সিজেন পৌঁছায় না, যা পেশিকে ক্ষতিগ্রস্ত করে এবং হার্ট তার কাজ করতে পারে না। এই পরিস্থিতিই হলো হার্ট অ্যাটাক।

যে ৪টি রোগ হৃদরোগের ঝুঁকি দ্বিগুণ বাড়ায়:

১. উচ্চ রক্তচাপ (High Blood Pressure): উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগলে রক্তনালীর দেওয়ালে অতিরিক্ত চাপ তৈরি হয়। রক্তচাপ বেশি থাকলে রক্তকে পুরো দেহে পৌঁছানোর জন্য হার্টকে বেশি পরিশ্রম করতে হয়। এর ফলে হার্ট দুর্বল হয় এবং কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্ট ফেলিওরের মতো জটিলতা দেখা দিতে পারে।

২. উচ্চ কোলেস্টেরল (High Cholesterol): রক্তে থাকা মোম জাতীয় পদার্থ হলো কোলেস্টেরল। ক্ষতিকর এলডিএল (LDL) কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে তা রক্তনালীর ভেতরে জমতে শুরু করে, যা রক্ত চলাচলকে বাধা দেয়। এই ঘটনা হার্টের ধমনীতে ঘটলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

৩. স্থূলতা (Obesity): অতিরিক্ত ওজন বা স্থূলতা শারীরিক বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায় এবং এটি হার্টের অনেক রোগের জন্যও দায়ী। আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC) জানিয়েছে, ওবেসিটি থাকলে শরীরে খারাপ কোলেস্টেরল (LDL), ট্রাইগ্লিসারাইড ইত্যাদির মাত্রা বেড়ে যায়। স্থূলতা ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ঝুঁকিকেও বাড়িয়ে তোলে।

৪. ডায়াবেটিস (Diabetes): ডায়াবেটিস শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে ক্ষতিকর প্রভাব ফেলে। গবেষণায় দেখা গেছে, ডায়াবেটিসের কারণে আর্টারি ছোট হতে শুরু করে এবং এটি দীর্ঘমেয়াদে রক্তনালীকে ক্ষতিগ্রস্থ করে। এর ফলে হার্ট অ্যাটাকসহ হৃদরোগের ঝুঁকি বাড়ে।

হার্ট অ্যাটাকের প্রধান লক্ষণ:

আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন (AHA) হার্ট অ্যাটাকের কয়েকটি সাধারণ লক্ষণের দিকে দ্রুত নজর দিতে বলেছে। এই লক্ষণগুলো দেখলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে:

  • বুকে তীব্র ব্যথা বা অস্বস্তি

  • শ্বাসকষ্ট

  • শরীরের উপরের দিকে অস্বস্তি (হাত, পিঠ ও চোয়ালে ব্যথা)

  • অতিরিক্ত ঘাম

  • মাথা ঘোরা বা হালকা বোধ হওয়া

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy