প্রতিদিন আমরা পায়ে ভর দিয়ে চলি, কিন্তু পায়ের সামান্য পরিবর্তনও হতে পারে আপনার শরীরের গভীর কোনো সমস্যার প্রাথমিক সতর্কবার্তা। বিশেষজ্ঞের মতে, ২৬টি হাড় ও ১০০টিরও বেশি পেশী নিয়ে গঠিত পা আমাদের শরীরের সবচেয়ে অবহেলিত অঙ্গ, যা রক্ত সঞ্চালন ও বিপাকীয় অবস্থার প্রতিফলন ঘটায়।
পায়ের যে লক্ষণগুলো এড়িয়ে চললে পস্তাতে হতে পারে:
ঠান্ডা বা অসাড় পা: এটি দুর্বল রক্ত সঞ্চালন বা স্নায়ুর ক্ষতির স্পষ্ট ইঙ্গিত।
গোড়ালি ফাটা ও শুষ্ক ত্বক: শরীরে জলশূন্যতা (ডিহাইড্রেশন) বা থাইরয়েডের ভারসাম্যহীনতার লক্ষণ হতে পারে।
গোড়ালিতে ফোলাভাব: এটি হার্ট, কিডনি বা লিভারের ওপর অতিরিক্ত চাপের সংকেত দেয়।
নখের পরিবর্তন: নখের রঙ বা পুরুত্ব পরিবর্তন ছত্রাক সংক্রমণ বা কোনো অভ্যন্তরীণ অসুস্থতার জানান দেয়।
বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে পায়ের ছোটখাটো ক্ষতও গ্যাংগ্রিনের মতো ভয়াবহ আকার নিতে পারে, যার পরিণামে অঙ্গহানিও ঘটার সম্ভাবনা থাকে। বর্তমান সময়ে দীর্ঘক্ষণ বসে থাকা, অনুপযুক্ত জুতো ব্যবহার, স্থূলতা এবং শারীরিক পরিশ্রমের অভাব পায়ের সমস্যাকে বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। তাই পাকে অবহেলা না করে নিয়মিত পরীক্ষা করুন। মনে রাখবেন, সুস্থ পায়ের ওপরই দাঁড়িয়ে আছে আপনার গোটা শরীরের ভারসাম্য।





