সুস্থ ও সুন্দর ত্বকের জন্য ময়েশ্চারাইজার অপরিহার্য। ত্বককে আর্দ্র রাখা এবং বাইরের ক্ষতিকর উপাদান থেকে রক্ষা করার জন্য সারা বছর ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত বলে মনে করেন ত্বক বিশেষজ্ঞরা। তবে শীতকালে ত্বকের শুষ্কতা বাড়ে বলে এই সময় ময়েশ্চারাইজারের প্রয়োজনীয়তা আরও বেশি। মেকআপ কিংবা সানস্ক্রিন ব্যবহারের আগে ময়েশ্চারাইজার লাগানো ত্বকের স্বাস্থ্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ ধাপ। কিন্তু আপনার ত্বকের ধরনের জন্য কোনটি সঠিক ময়েশ্চারাইজার, তা জানা জরুরি।
সঠিক ময়েশ্চারাইজার বেছে নেওয়ার আগে নিজের ত্বকের ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। শুষ্ক মৌসুমে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে উপযুক্ত ময়েশ্চারাইজার নির্বাচন করা বুদ্ধিমানের কাজ। বিভিন্ন ধরনের ত্বকের জন্য উপযুক্ত ময়েশ্চারাইজারগুলো নিচে উল্লেখ করা হলো:
তৈলাক্ত ত্বক:
যাদের ত্বক তৈলাক্ত, তাদের ত্বকের উপরিভাগ তেলতেলে হলেও ভেতরের স্তরে আর্দ্রতার অভাব থাকতে পারে। এই ধরনের ত্বকের জন্য হালকা লোশন বা হাইড্রেটিং জেল-ভিত্তিক ময়েশ্চারাইজার সবচেয়ে ভালো। ভিটামিন সি এবং সেরামাইড সমৃদ্ধ ময়েশ্চারাইজারও তৈলাক্ত ত্বকের জন্য উপকারী।
শুষ্ক ত্বক:
শুষ্ক ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য ঘন, ক্রিম জাতীয় ময়েশ্চারাইজার উপযুক্ত। এই ধরনের ময়েশ্চারাইজারে ভিটামিন সি, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ফসফোলিপিডের মতো উপাদান থাকলে তা ত্বককে দীর্ঘক্ষণ আর্দ্র রাখতে সাহায্য করে।
মিশ্র ত্বক:
মিশ্র ত্বকের ক্ষেত্রে মুখের কিছু অংশ যেমন নাক এবং কপাল তৈলাক্ত থাকে, আবার বাকি অংশ শুষ্ক থাকে। এই ধরনের ত্বকের জন্য হায়ালুরোনিক অ্যাসিড যুক্ত ময়েশ্চারাইজার বেছে নেওয়া উচিত। এটি ত্বকের তৈলাক্ত অংশে অতিরিক্ত তেল নিঃসরণ নিয়ন্ত্রণ করে এবং শুষ্ক অংশে পর্যাপ্ত আর্দ্রতা যোগায়।
স্পর্শকাতর ত্বক:
স্পর্শকাতর ত্বকের জন্য অ্যালোভেরা এবং ক্যামোমাইল সমৃদ্ধ ময়েশ্চারাইজার ব্যবহার করা ভালো। এই উপাদানগুলো ত্বকের জ্বালাভাব ও সংবেদনশীলতা কমাতে সাহায্য করে এবং ত্বককে রাখে কোমল।
ময়েশ্চারাইজার ব্যবহারের নিয়ম:
ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে শুধু ময়েশ্চারাইজার ব্যবহার করাই যথেষ্ট নয়, এর পাশাপাশি সানস্ক্রিন ব্যবহার করাও জরুরি। দিনের বেলায় বাইরে বের হওয়ার আগে ময়েশ্চারাইজারের উপর সানস্ক্রিন মেখে ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করা উচিত। তবে যারা আলাদা করে সানস্ক্রিন ব্যবহার করতে চান না, তারা এসপিএফ (সান প্রোটেকশন ফ্যাক্টর) যুক্ত ময়েশ্চারাইজারও বেছে নিতে পারেন।
সঠিক ময়েশ্চারাইজার ব্যবহারের মাধ্যমেই আপনি পেতে পারেন স্বাস্থ্যোজ্জ্বল ও সুন্দর ত্বক। তাই নিজের ত্বকের ধরন বুঝে সঠিক ময়েশ্চারাইজার নির্বাচন করুন এবং ত্বকের যত্ন নিন নিয়মিত।





