আখরোট বা ওলনাট হার্ট এবং মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী—এ কথা আমরা সবাই জানি। কিন্তু প্রবাদে আছে, ‘অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়’। চিকিৎসকদের মতে, আখরোট পুষ্টিগুণে ঠাসা হলেও এটি অতিরিক্ত পরিমাণে খেলে শরীরে হিতে বিপরীত হতে পারে।
প্রথমত, আখরোটে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। অতিরিক্ত আখরোট খেলে পেট ফাঁপা, ডায়রিয়া বা পেটে ব্যথার মতো হজমের সমস্যা দেখা দিতে পারে। দ্বিতীয়ত, এটি উচ্চ ক্যালরিযুক্ত খাবার; তাই মেপে না খেলে দ্রুত ওজন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। তৃতীয়ত, অনেকের ক্ষেত্রে অতিরিক্ত আখরোট খেলে মুখে বা গলায় অ্যালার্জি ও ঘা দেখা দেয়। এছাড়া বিশেষজ্ঞরা বলছেন, এটি শরীরে আয়রন শোষণে বাধা দিতে পারে, যা দীর্ঘমেয়াদে রক্তাল্পতার ঝুঁকি বাড়ায়। তাই সুস্থ থাকতে দিনে ২ থেকে ৩টির বেশি আখরোট না খাওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা।





