দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও অভিনেতা নাগা চৈতন্যের বিবাহবিচ্ছেদ নিয়ে আলোচনা এখনও চলছে। এরই মাঝে নাগা চৈতন্য অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নতুন করে সম্পর্ক শুরু করেছেন। অন্যদিকে, ডিভোর্সের পর সামান্থার ক্যারিয়ারে ভাটা পড়েছে বলে গুঞ্জন উঠেছে, যা নিয়ে মুখ খুলেছেন প্রযোজক ও অভিনেত্রী লক্ষ্মী মাঞ্চু।
সম্প্রতি একটি ছবির প্রচারে এসে লক্ষ্মী মাঞ্চু বলেন, “একজন সুপারস্টারের প্রাক্তন স্ত্রী এই ইন্ডাস্ট্রিতে কাজ করতেন। কিন্তু ডিভোর্সের পর তাঁর হাতে থাকা সব প্রজেক্ট ফিরিয়ে নেওয়া হয়েছে। এখন তিনি ভালো কাজের অপেক্ষায় আছেন।” যদিও লক্ষ্মী সরাসরি কারও নাম নেননি, কিন্তু তাঁর এই মন্তব্য সামান্থার ব্যক্তিগত জীবন ও কেরিয়ার নিয়ে নতুন করে জল্পনা তৈরি করেছে।
সাংবাদিকদের সরাসরি প্রশ্নের উত্তরে লক্ষ্মী বলেন, “আপনারা হয়তো ভাবছেন আমি সামান্থার কথা বলছি। কিন্তু আমার আসল বক্তব্য হলো, একজন পুরুষের জীবনে ডিভোর্স খুব একটা পরিবর্তন আনে না। কিন্তু নারীদের ক্ষেত্রে বিয়ে, সন্তান, সংসারের দায়িত্ব সবই চাপিয়ে দেওয়া হয়। আমাদের স্বাধীনভাবে বাঁচতে দেওয়া হয় না, সেই স্বাধীনতার জন্য আমাদেরকেই লড়তে হয়।”
২০২১ সালে নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সামান্থা মানসিক এবং শারীরিকভাবে ভেঙে পড়েছিলেন। এরপরেই তাঁর বিরল রোগ মায়োসাইটিস ধরা পড়ে। এই অসুস্থতার কারণে তিনি প্রায় এক বছর অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। ২০২৩ সালে তাঁর দুটি ছবি – ‘শকুন্তলা’ এবং ‘খুশি’ মুক্তি পায়।
লক্ষ্মীর মন্তব্য নিয়ে নেটিজেনদের মধ্যে দুটি মত দেখা যাচ্ছে। অনেকে মনে করছেন, ডিভোর্সের কারণেই সামান্থার হাতে বড় কোনো প্রজেক্ট আসছে না। আবার কেউ কেউ বলছেন, অসুস্থতার কারণেই তিনি কাজ থেকে দূরে ছিলেন। তবে এই মুহূর্তে সামান্থা নেটফ্লিক্সের ‘রক্ত ব্রহ্মাণ্ডঃ দ্যা ব্লাডি কিংডম’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন। এই বিষয়ে এখনও পর্যন্ত সামান্থা কোনো মন্তব্য করেননি।