হিন্দি সিনেমার প্রথম ‘সুপারস্টার’ রাজেশ খান্না। তাঁর জীবনের শেষ দিনগুলো কেমন ছিল? পরিচালক আর বালকি সম্প্রতি এক পডকাস্টে তুলে ধরলেন অভিনেতার সেই লড়াই ও পেশাদারিত্বের অবিশ্বাস্য কাহিনি।
২০১২ সালে একটি ইলেকট্রনিক্স ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিং করছিলেন অসুস্থ রাজেশ খান্না। বালকি জানান, তখন অভিনেতা এতটাই দুর্বল ছিলেন যে তাঁকে বেঙ্গালুরুতে এয়ার অ্যাম্বুল্যান্সে করে আনতে হয়েছিল। হাতে ছিল আইভি ড্রিপ, সেটে এসেছিলেন হুইলচেয়ারে। কিন্তু ক্যামেরার সামনে দাঁড়াতেই তিনি অন্য মানুষ! ড্রিপ খুলে মাত্র ৪৫ সেকেন্ডের শট দিতেন, আর তাতেই ফুটে উঠত সেই চিরচেনা সুপারস্টার ইমেজ।
বিজ্ঞাপনের স্ক্রিপ্টে যখন বলা হয় যে তাঁর ভক্তরা সব চলে গেছে, তখন রসিকতা করে অভিনেতা বলেছিলেন, “বাবু মশাই, রসবোধ না থাকলে কি আমি সুপারস্টার হতে পারতাম?” নিজের পড়ন্ত জনপ্রিয়তা নিয়ে এমন রসিকতা কেবল তাঁর পক্ষেই সম্ভব ছিল। বালকি বলেন, “তিনি অসুস্থ ছিলেন ঠিকই, কিন্তু তাঁর মানসিক জোর ছিল হিমালয়ের মতো।” শুটিংয়ের কয়েক সপ্তাহ পরেই চিরতরে চলে যান ‘আনন্দ’ অভিনেতা। জৌলুস কমলেও শেষ দিন পর্যন্ত তিনি বুঝিয়ে দিয়ে গেছেন, কেন তিনি বলিউডের প্রথম ও একমাত্র আসল সুপারস্টার।