শুধুই নাচ নয়, এবার ‘ভাবাবে’ মনামী ঘোষের পুজোর গান ‘কল্কি’, মিউজিক্যাল ফিল্মে অন্যরকম বার্তা

আর মাত্র কয়েকটা দিন, তারপরই দেবী দুর্গা অশুভ শক্তিকে নাশ করতে মর্ত্যে আসবেন। দেবী দুর্গা যেমন মহিষাসুরমর্দিনী রূপে অশুভ বিনাশ করে শুভকে প্রতিষ্ঠা করেন, তেমনই এবার ‘কল্কি’ অবতারে হাজির হয়েছেন অভিনেত্রী মনামী ঘোষ। ‘ভিটামিন এম এন্টারটেইনমেন্ট’-এর প্রযোজনায় এবং সৈকত বারুরি পরিচালিত মনামীর নতুন মিউজিক্যাল ফিল্ম ‘কল্কি’ মুক্তি পেয়েছে।

এটি একটি সাধারণ মিউজিক ভিডিও নয়, বরং একটি পূর্ণাঙ্গ মিউজিক্যাল ফিল্ম, যা সমাজের প্রতি এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। পরিচালক সৈকত বারুরি জানান, ‘কল্কি’ মূলত এক প্রতিশোধের গল্প। কল্কি হলেন সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের শেষ অবতার। এই মিউজিক্যাল ফিল্মে সেই আদি শক্তির স্বরূপকেই তুলে ধরা হয়েছে।

মনামী ঘোষ বলেন, “কল্কির মতো এত বড় একটি প্রোডাকশন মিউজিক ভিডিও হিসেবে সম্ভবত কলকাতাতে প্রথম। আমরা অনেক পরিশ্রম করে কাজটি করেছি। আশা করি মানুষ এটিকে প্রচুর ভালোবাসা দেবেন।” তিনি আরও বলেন, আগের গান ‘আইলো উমা বাড়িতে’ শুধু পুজোর উদযাপন ছিল, কিন্তু ‘কল্কি’ কেবল পুজোর গান নয়, এটি আমাদের সকলের গান। ‘আইলো উমা বাড়িতে’ মানুষকে যেমন নাচিয়েছিল, তেমনি এই গান অনুপ্রাণিত করবে ও ভাবাবে।

এই মিউজিক্যাল ফিল্মে মনামীর পাশাপাশি সুমিত গঙ্গোপাধ্যায় ও মৌসুমী সেনের মতো অভিনেতারাও রয়েছেন। গানটি লিখেছেন ঋতম সেন, সুর করেছেন রথিজিৎ ভট্টাচার্য এবং গানটি গেয়েছেন প্রতিভা দত্ত। মনামী ঘোষের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এই মিউজিক্যাল ফিল্মটি দেখা যাচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy