বলিউডের দাপুটে সঙ্গীত পরিচালক এবং কম্পোজার বিশাল দাদলানি সোজাসাপ্টা কথা বলতেই অভ্যস্ত। তাঁর সুরের জাদুতে বুঁদ গোটা দেশ, আর তাঁর সঙ্গে কাজ করার স্বপ্ন দেখেন হাজার হাজার উঠতি শিল্পী। কিন্তু সম্প্রতি এক উঠতি গায়কের কাণ্ড দেখে রাগে ফেটে পড়লেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ক্ষোভ উগরে দিয়ে সাফ জানিয়ে দিলেন—রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁর কাছে কাজ পাওয়া অসম্ভব।
রাজনৈতিক সুপারিশেই চটলেন বিশাল: বিশাল দাদলানি ইনস্টাগ্রামে একটি পোস্টে নতুন গায়কদের সতর্ক করে লিখেছেন, “নতুনদের জন্য কিছু পরামর্শ—ভুলেও কোনো মন্ত্রী বা তাঁর সেক্রেটারিকে দিয়ে আমাকে ফোন করাবে না। এটা এমন একটা পথ, যা বেছে নিলে আমার সঙ্গে তোমার কোনোদিন দেখা পর্যন্ত হবে না।” তিনি আরও স্পষ্ট করেন যে, যারা কঠোর পরিশ্রমের বদলে ব্যক্তিগত যোগাযোগ বা ‘কন্ট্যাক্ট’ কাজে লাগিয়ে এগোতে চান, তাঁদের প্রতি তাঁর কোনো সম্মান নেই।
ব্লক করলেন মন্ত্রী ও গায়ক দুজনেই: ক্ষুব্ধ বিশাল জানান, যে ছেলেটি সম্প্রতি এক মন্ত্রীকে দিয়ে তাঁকে ফোন করিয়েছেন, তিনি সেই মন্ত্রী এবং গায়ক দু জনকেই ব্লক করে দিয়েছেন। বিশাল লেখেন, “তুমি বিরাট মাপের গায়ক হয়ে গেলেও তোমার সঙ্গে কাজ করার বিন্দুমাত্র আগ্রহ আমার নেই। দুঃখিত।” ক্যাপশনে তিনি যোগ করেন, এই ধরণের কাজ আসলে প্রমাণ করে যে সংশ্লিষ্ট শিল্পীর নিজের গুণের ওপর কোনো আত্মবিশ্বাস নেই।
মশকরা মুনাওয়ার ফারুকির: বিশালের এই পোস্টে কৌতুক অভিনেতা তথা বিগ বস জয়ী মুনাওয়ার ফারুকি মজার ছলে মন্তব্য করেন। তিনি লেখেন, “স্যার, আমার ম্যানেজার ট্রুকলারে নিজের নাম ‘মন্ত্রী’ লিখে রেখেছে। ওকে প্লিজ আনব্লক করে দিন।” পাল্টা মজাদার জবাবে বিশাল লেখেন, “খুব ভালো করেছ ওকে রেখে, এবার একটা উকিলও খুঁজে রাখো।” বর্তমানে ‘ইন্ডিয়ান আইডল’-এর বিচারকের আসনে থাকা বিশাল দাদলানি ‘ঝুমে জো পাঠান’ থেকে ‘বেশরম রং’-এর মতো অজস্র সুপারহিট গান উপহার দিয়েছেন।