বলিউডে ভয়ঙ্কর গ্যাংস্টারদের থাবা! দিশা পাটানির বাড়িতে হামলাকারী গোল্ডি ব্রার গ্যাং-এর পছন্দের অস্ত্র ‘জিগানা’ পিস্তল।

মুম্বইতে অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে হামলা চালানো দুই দুষ্কৃতী পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হওয়ার পর তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে অত্যাধুনিক তুরস্কের তৈরি ‘জিগানা’ পিস্তল এবং অস্ট্রিয়ার তৈরি ‘গ্লোক’ পিস্তল। পুলিশ সূত্রে খবর, এই একই মডেলের জিগানা পিস্তল পাকিস্তান থেকে ড্রোন মারফত নেপালের মাধ্যমে ভারতে পাচার করা হয়েছিল।

তদন্তকারীদের মতে, এই অস্ত্রগুলির ব্যবহার দেখে স্পষ্ট যে, এটি গ্যাংস্টার গোল্ডি ব্রার এবং লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাজ। এর আগে এই ধরনের পিস্তলই ব্যবহার করা হয়েছিল গ্যাংস্টার আতিক আহমেদ ও পাঞ্জাবি রকস্টার সিধু মুসেওয়ালাকে হত্যা করতে। পুলিশের মতে, দিশার বাড়িতে মোট পাঁচজন হামলা চালিয়েছিল এবং তারা সকলেই গোল্ডি ব্রার গ্যাংয়ের সদস্য। বাকিদের খোঁজে জোরদার তল্লাশি চলছে।

লক্ষাধিক টাকার জিগানা পিস্তল কেন গ্যাংস্টারদের পছন্দ?

পুলিশের সূত্র থেকে জানা গেছে, একেকটি জিগানা পিস্তলের দাম নেপালে প্রায় ৬ লক্ষ টাকা। ড্রোন মারফত পাঠাতে অতিরিক্ত ৪ লক্ষ টাকা খরচ হয়। এই পিস্তলের জনপ্রিয়তার প্রধান কারণ এর কার্যকারিতা ও বহনযোগ্যতা। এটি খুব হালকা এবং একসাথে ১৫টি বুলেট ফায়ার করা যায়। একটানা গুলি চালালেও পিস্তলটি গরম হয় না।

ভারতের অন্যতম কুখ্যাত অস্ত্র পাচারকারী সেলিম পিস্তল, যে বর্তমানে পুলিশের হেফাজতে আছে, সে জানিয়েছে, তিনিই প্রথম দেশের গ্যাংস্টারদের কাছে এই জিগানা পিস্তল পাচার শুরু করেন। তার মতে, এই পিস্তল সরাসরি পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে অথবা নেপালের আকাশপথে ভারতে পাচার করা হয়।

এই ঘটনা আবারও প্রমাণ করল, কীভাবে আন্তর্জাতিক অস্ত্র চোরাকারবারিরা ভারতের অপরাধী চক্রগুলির সঙ্গে যোগসাজশ করে অত্যাধুনিক অস্ত্র দেশে নিয়ে আসছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য এক বড় চ্যালেঞ্জ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy