বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। তার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলে ‘কল্কি 2898 এডি’-এর নির্মাতারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে, তিনি এই সিনেমার সিক্যুয়েলের অংশ হবেন না। প্রযোজনা সংস্থা বৈজয়ন্তী মুভিজ এক্স হ্যান্ডেলে (আগের টুইটার) এই খবরটি নিশ্চিত করেছে। এই সিদ্ধান্তে দীপিকার অনুরাগীরা রীতিমতো হতাশ।
বৈজয়ন্তী মুভিজ তাদের এক্স হ্যান্ডেলে জানিয়েছে, “আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে যে দীপিকা পাড়ুকোন ‘কল্কি 2898 এডি’ সিনেমার সিক্যুয়েলের অংশ হচ্ছেন না। এই সিদ্ধান্ত অনেক ভেবেচিন্তে নেওয়া হয়েছে। এই সিনেমার প্রথম ভাগ তৈরির দীর্ঘ পথ পার করার পরেও আমরা অভিনেত্রীর কাছ থেকে অংশীদারিত্বের প্রতিশ্রুতি পাইনি। ‘কল্কি 2898 এডি’-এর মতো সিনেমা কমিটমেন্ট এবং আরও অনেক কিছুর দাবি রাখে।”
এই পোস্টটি থেকে বোঝা যাচ্ছে, নির্মাতারা দীপিকার কাজের প্রতিশ্রুতি নিয়ে সন্তুষ্ট নন। এই ঘটনার পর দীপিকার টিমের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি।
প্রভাস ও পরিচালকের সঙ্গেও বিতর্ক
এর আগে ‘অ্যানিম্যাল’ ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে দীপিকার কাজের সময়সীমা নিয়ে স্নায়ুযুদ্ধ হয়েছিল। জানা গেছে, দীপিকা দিনের ৮ ঘণ্টার বেশি কাজ করতে রাজি ছিলেন না। এই কারণেই তিনি প্রভাসের বিপরীতে ‘স্পিরিট’ সিনেমা থেকে বাদ পড়েছিলেন বলে গুঞ্জন শোনা গিয়েছিল।
নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি 2898 এডি’ ২০২৪ সালে মুক্তি পেয়েছিল, যেখানে অমিতাভ বচ্চন, কমল হাসান, প্রভাস এবং দিশা পাটানির মতো তারকারা ছিলেন। হিন্দু ধর্মগ্রন্থ থেকে অনুপ্রাণিত এই সিনেমাটি এক ডিস্টোপিয়ান ভবিষ্যতের প্রেক্ষাপটে তৈরি। সিনেমার গল্পে দেখা যায়, একদল লোক ভগবান বিষ্ণুর দশম ও শেষ অবতার ‘কল্কি’-র গর্ভবতী মাকে দুষ্ট দেবতা-রাজা ইয়াসকিনের হাত থেকে বাঁচাতে বেরিয়ে পড়েছে। এরপর কী হয়, তা নিয়েই তৈরি হচ্ছে সিক্যুয়েলের চিত্রনাট্য।