পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শ্যুটিং? অভিনেতা রাহুলের মৃত্যুতে বিস্ফোরক তথ্য তালসারি থানার

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড, কিন্তু ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসতেই দানা বাঁধছে একাধিক অস্বস্তিকর প্রশ্ন। সোমবার তালসারি মেরিন পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় ধারাবাহিকের শ্যুটিংয়ের জন্য পুলিশের থেকে কোনও আগাম অনুমতি নেওয়া হয়নি, এমনকি থানাকেও কিছু জানানো হয়নি। ফলে শ্যুটিংয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় গাফিলতির অভিযোগ উঠছে।

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে দেখা গিয়েছে, রাহুলের মৃত্যু হয়েছে জলেই ডুবে। তবে শিউরে ওঠার মতো তথ্য হলো, তাঁর ফুসফুসের ভেতরে প্রচুর পরিমাণে বালি এবং নোনা জল পাওয়া গিয়েছে। বালি ও জল ঢোকার কারণে ফুসফুস ফুলে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ আকার ধারণ করেছিল। চিকিৎসকদের মতে, শরীরের ভেতরের এই অবস্থা ইঙ্গিত দিচ্ছে যে রাহুল বেশ দীর্ঘ সময় জলের নিচে ছিলেন। অল্প সময় ডুবে থাকলে ফুসফুসের এই অবস্থা হওয়া সম্ভব নয়।

ইতিমধ্যেই শ্যুটিং সেটের শেষ মুহূর্তের ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ দিঘা থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। সোমবার রাহুলকে শেষ শ্রদ্ধা জানাতে তমলুক হাসপাতালে উপচে পড়েছিল মানুষের ভিড়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এবং বিরোধী দলনেতার পক্ষ থেকেও মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। পরিবারের পক্ষ থেকে এখনও কোনও লিখিত অভিযোগ না জানানো হলেও, ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy