বলিউডের ‘ডন ৩’ প্রকল্প থেকে বাদ পড়ার পর থেকেই রণবীর সিংয়ের ওপর নেমে এসেছে ঘোর দুর্দিন। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE) এবার অভিনেতার বিরুদ্ধে অসহযোগিতার নির্দেশ জারি করেছে। ‘ডন ৩’-এর প্রি-প্রোডাকশনে ৪৫ কোটি টাকা ব্যয়ের পর ফারহান আখতারের করা অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ। এফডব্লিউআইসিই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, রণবীরকে তিনবার তলব করা সত্ত্বেও তিনি উপস্থিত হননি। ফলস্বরূপ, পরিচালক ও কলাকুশলীদের তাঁর সঙ্গে কাজ না করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত স্পষ্ট করেছেন, এটি কোনো আনুষ্ঠানিক ‘নিষেধাজ্ঞা’ নয়, তবে সমস্যা না মেটা পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে।
এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই রণবীরের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে সদগুরুর সঙ্গে জীবনের উদ্দেশ্য নিয়ে দার্শনিক আলোচনা করতে দেখা গেছে। ভিডিওতে রণবীরকে বেশ শান্ত ও চিন্তামগ্ন দেখিয়েছে। জীবনের লক্ষ্য নিয়ে রণবীরের প্রশ্নের উত্তরে সদগুরু জীবনকে এক ‘অযৌক্তিক ঘটনা’ হিসেবে ব্যাখ্যা করে বলেন, জীবনের কোনো উপযোগিতা বা নির্দিষ্ট উদ্দেশ্য নেই; মানুষের অস্তিত্ব থাকুক বা না থাকুক, জীবন নিজেই নিজের শক্তিতে বিদ্যমান। একদিকে কর্মজীবনের অনিশ্চয়তা আর অন্যদিকে আধ্যাত্মিক দর্শনে ডুব দেওয়া—রণবীরের এই ভিন্ন রূপ এখন নেটপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।





