পেশায় জনপ্রিয় অভিনেতা লোকনাথ দে হঠাৎই হয়ে গেলেন শববাহী গাড়ির চালক! কিন্তু কেন? অভিনেতার এমন অদ্ভুত পেশা বদলের নেপথ্যে রয়েছে পরিচালক অরিজিৎ টোটন চক্রবর্তীর নতুন ওয়েব সিরিজ ‘স্বর্গ রথ সরগরম’। আগামী ১৭ জুন থেকে ‘প্ল্যাটফর্ম এইট’-এ মুক্তি পেতে চলেছে এই সিরিজ। সিরিজের কেন্দ্রীয় চরিত্র ‘বলহরি’র ভূমিকায় অভিনয় করছেন লোকনাথ দে, যার জীবন আবর্তিত হয় তার কেনা সেই শববাহী গাড়ি বা ‘স্বর্গ রথ’কে ঘিরেই।
সিরিজের প্রেক্ষাপট নিয়ে লোকনাথ জানান, অরিজিতের সঙ্গে এটি তাঁর দ্বিতীয় কাজ। আগে ‘ফেলু মিত্তির লেন’ করার সময়ই এই সিরিজের চিত্রনাট্য নিয়ে আলোচনা হয়েছিল। মফস্বলের ছেলে হিসেবে বলহরির চরিত্রটি তাঁর কাছে অত্যন্ত পরিচিত। ঝাড়খণ্ডের গ্রামের আউটডোর শ্যুটিংয়ের অভিজ্ঞতা এবং স্থানীয়দের অংশগ্রহণ চরিত্রটিকে জীবন্ত করে তুলেছে। তিনি বলেন, “বলহরি মানুষটা আমার খুব চেনা। তার চলাফেরা, জীবনযাপন আমাকে চরিত্রটি ফুটিয়ে তুলতে সাহায্য করেছে।”
পরিচালক অরিজিৎ জানান, চিত্রনাট্যটি লিখেছেন ইমন চক্রবর্তী ও প্ল্যাটফর্ম এইটের টিম। গ্রামের পটভূমিতে তৈরি এই সিরিজে লোকনাথ দে এবং পূষণের মতো দক্ষ নাট্য ব্যক্তিত্বরা নিজেদের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন। বডি ল্যাঙ্গুয়েজ থেকে সংলাপ—সবকিছুতেই তাঁরা নিজেদের অভিজ্ঞতা যোগ করেছেন।
তবে অভিনয়ের পাশাপাশি এই সিরিজে উঠে এসেছে গভীর সামাজিক বার্তা। পরিচালক অরিজিতের মতে, সবাইকে বাঁচার এবং জীবিকা নির্বাহের স্বাধীনতা দেওয়া উচিত। সমাজ পরিবর্তনের সাথে সাথে মানসিকতারও পরিবর্তন প্রয়োজন। এই প্রসঙ্গেই উঠে আসে টলিপাড়ার বর্তমান অস্থির পরিস্থিতির কথা। লোকনাথ দে বলেন, “জীবিকার ওপর রাজনীতি কাম্য নয়। এতদিন একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হয়েছিল, যেখানে ডিরেক্টর-প্রযোজকরা স্বাধীনভাবে কাজ করতে পারতেন না। গুপি শুটিং-এর নামে কাজ বন্ধ করে দেওয়া, নতুন প্রতিভাদের সুযোগ না দেওয়া—সবটাই ছিল এক ধরণের অত্যাচার।”
অভিনেতা আরও যোগ করেন, “এতদিন মানুষ মুখ খুলতে ভয় পেত, এখন সবাই সরব হয়েছে। এই প্রতিবাদের ধারা বজায় থাকুক। আমরা ইন্ডাস্ট্রিতে সুষ্ঠু পরিবেশ চাই। সঠিক কাজের মানুষ কাজ পাক এবং ভুল লোক যেন ইন্ডাস্ট্রিতে ঢুকে না পড়ে। এবার রুদ্রনীল, পাপিয়া দি বা রূপা দি-র মতো সিনিয়ররা এই দিকগুলি নিয়ে যত্ন সহকারে বিবেচনা করবেন বলে আশা রাখি।”
একদিকে বলহরির রহস্যময় গল্প এবং অন্যদিকে টলিপাড়ার বাস্তব চিত্র—সব মিলিয়ে ‘স্বর্গ রথ সরগরম’ যে দর্শকদের নজর কাড়বে, তা বলাই বাহুল্য। ১৭ জুন থেকেই শুরু হচ্ছে এই নতুন সফর।





