প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই সপ্তাহে মুক্তি পেতে চলেছে জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হাউজফুল’-এর পঞ্চম কিস্তি, ‘হাউজফুল ফাইভ’। ছবির অগ্রিম বুকিং শুরু হতেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল। টিকিট বুকিংয়ের সময় দেখা যাচ্ছে, ‘হাউজফুল ফাইভ এ’ এবং ‘হাউজফুল ফাইভ বি’ – দুটি ভিন্ন সংস্করণ উপলব্ধ। এই নিয়ে অনেক দর্শকই প্রশ্ন তুলেছেন, ‘এ ভার্সানটা কি অ্যাডাল্ট কনটেন্ট? এটা কি বড়দের ছবি? নাকি পুরো পরিবারের সঙ্গে সেটা দেখা যাবে?’
এই বিভ্রান্তি দূর করতে এবার মুখ খুললেন ছবির প্রধান অভিনেতা অক্ষয় কুমার এবং রীতেশ দেশমুখ। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, দর্শকদের জন্য থাকছে এক বড় চমক। অক্ষয় কুমার জানিয়েছেন, ‘হাউজফুল ফাইভ’-এর দুটি সংস্করণেই রহস্য সমাধানের শেষে খুনির পরিচয় জানা যাবে। তবে, ‘এ’ ভার্সানে একরকম ক্লাইম্যাক্স থাকবে, আর ‘বি’ ভার্সানে থাকবে সম্পূর্ণ ভিন্ন একটি ক্লাইম্যাক্স। অর্থাৎ, একটি হিন্দি ছবিতে দুটি ভিন্ন ক্লাইম্যাক্স নিয়ে মুক্তি পাচ্ছে।
অক্ষয়ের বক্তব্য, দর্শককে বেছে নিতে হবে তাঁরা কোন ছবিটি দেখতে চান। এমনও হতে পারে, ‘এ’ ভার্সান দেখার পর দর্শক ‘বি’ ভার্সানও দেখতে আগ্রহী হবেন। তবে, ‘এ’ ভার্সান শুধু প্রাপ্তবয়স্কদের জন্য, এমন কোনো ব্যাপার নেই। দুটি সংস্করণই সপরিবারে দেখার উপযোগী।
হিন্দি ছবিতে এমন একাধিক ক্লাইম্যাক্স নিয়ে একই সাথে ছবি মুক্তি পাওয়ার ঘটনা খুবই বিরল, যা একটি নতুন ট্রেন্ড তৈরি করতে পারে। এই অভিনব পদক্ষেপ দর্শকের উপর কতটা প্রভাব ফেলে এবং তাঁরা এতে কতটা সাড়া দেন, তা জানতে অবশ্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
উল্লেখ্য, ‘হাউজফুল’ ফ্র্যাঞ্চাইজি বলিউডে অত্যন্ত সফল হিসেবে পরিচিত। যেখানে অনেক ছবি তৃতীয় বা চতুর্থ ভাগ পর্যন্ত পৌঁছাতেই হিমশিম খায়, সেখানে ‘হাউজফুল ফাইভ’ দর্শকদের সামনে আসছে এই সিরিজের পঞ্চম কিস্তি হিসেবে। এই নতুন চমক দর্শকদের কতটা আকৃষ্ট করে, সেটাই এখন দেখার বিষয়।