বলিউড হার্টথ্রব নোরা ফতেহি এবং বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় দত্তের আইটেম গান ‘সরকে চুনার তেরি সরকে’ নিয়ে তুঙ্গে বিতর্ক। কন্নড় ছবি ‘কেডি: দ্য ডেভিল’-এর এই গানের অশালীন কথা এবং কুরুচিকর দৃশ্যায়নের অভিযোগে এবার সরাসরি হস্তক্ষেপ করল জাতীয় মহিলা কমিশন। সোমবারের শুনানিতে কমিশনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সৃজনশীলতার দোহাই দিয়ে নারীর সম্মান ক্ষুণ্ণ করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
ইতিমধ্যেই বিতর্কের জেরে গানটির হিন্দি সংস্করণ ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, গানটির কথা অত্যন্ত কুরুচিকর এবং জনসমক্ষে পরিবেশনের অযোগ্য। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে জাতীয় মহিলা কমিশন। সোমবার শুনানিতে ছবির পরিচালক প্রেম এবং গীতিকাররা উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন নোরা ফতেহি। তাঁর আইনজীবী উপস্থিত থাকলেও কমিশন তা গ্রহণ করেনি; বরং নোরাকে আগামী ২৭ এপ্রিলের মধ্যে সশরীরে হাজির হওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। অভিনেতা সঞ্জয় দত্তকেও ৮ এপ্রিল কমিশনের সামনে উপস্থিত থাকতে বলা হয়েছে।
শুনানি চলাকালীন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন ক্ষোভ উগরে দিয়ে বলেন, “নারী মর্যাদার সঙ্গে আপস সৃজনশীলতা হতে পারে না।” যদিও নির্মাতারা দাবি করেছিলেন যে তাঁরা গানের গভীর অর্থ বুঝতে পারেননি, কিন্তু কমিশন সেই যুক্তি খারিজ করে দিয়েছে। শেষ পর্যন্ত নির্মাতারা লিখিত ক্ষমা চেয়েছেন এবং আগামী তিন মাস নারী ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এই গানটি নিয়ে সমালোচনার ঝড় ওঠার পর দিল্লি পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করা হয়েছিল। বর্তমানে আইনি প্যাঁচে পড়ে ছবির প্রচার ও গানের ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।





