সীতা হিসেবে সাই পল্লবীকে নিয়ে ঘোর অনিশ্চয়তা? ‘রামায়ণ’ নির্মাতাদের এক সিদ্ধান্তে তোলপাড় বিটাউন

দক্ষিণী সুন্দরী সাই পল্লবীর অভিনয় দক্ষতা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই। কিন্তু বলিউডের সফরটা কি শুরুতেই হোঁচট খেল? সম্প্রতি মুক্তি পাওয়া জুনায়েদ খানের বিপরীতে ‘এক দিন’ ছবির ব্যর্থতা এবং অভিনেত্রীর হিন্দি উচ্চারণ নিয়ে শুরু হওয়া ট্রোলিং এবার বড়সড় প্রভাব ফেলতে চলেছে বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবিতে। বিটাউনের অলিতে-গলিতে কান পাতলেই শোনা যাচ্ছে এক চাঞ্চল্যকর খবর— সাই পল্লবীর কণ্ঠ কি তবে আর শোনা যাবে না রণবীর কাপুরের বিপরীতে?

গত ১ মে মুক্তি পেয়েছে আমির-পুত্র জুনায়েদ খান ও সাই পল্লবী অভিনীত ছবি ‘এক দিন’। অরিজিৎ সিংয়ের গান থাকা সত্ত্বেও বক্স অফিসে কার্যত মুখ থুবড়ে পড়েছে এই সিনেমা। তবে ছবির ব্যর্থতার চেয়েও বেশি চর্চায় উঠে এসেছে সাই পল্লবীর হিন্দি উচ্চারণ। ছবির প্রচারে গিয়ে তিনি যে ভঙ্গিতে হিন্দি বলেছেন, তা নিয়ে নেটপাড়ায় উপহাসের ঝড় বয়ে গিয়েছে। এক নেটিজেন মন্তব্য করেছেন, “সাধারণ হিন্দি শব্দও ঠিকমতো বলতে পারছেন না, একে সীতা হিসেবে বাছা হলো কীভাবে?” অন্য একজনের কথায়, “ভয়ঙ্কর কাস্টিং! সীতার মতো পবিত্র এবং ধ্রুপদী চরিত্রে এমন উচ্চারণ মানা যায় না।”

সূত্রের খবর, এই নেতিবাচক প্রতিক্রিয়া দেখে নড়েচড়ে বসেছেন নীতীশ তিওয়ারি ও ‘রামায়ণ’ ছবির প্রযোজক সংস্থা। জানা যাচ্ছে, ‘রামায়ণ’ ছবিতে সাই পল্লবীর সংলাপ অন্য কোনো পেশাদার ডাবিং শিল্পীকে দিয়ে করানোর কথা ভাবছেন নির্মাতারা। সীতার চরিত্রটি অত্যন্ত সংবেদনশীল এবং ভারতীয় দর্শকদের আবেগের সঙ্গে যুক্ত। তাই সেই চরিত্রের বাচনভঙ্গি এবং সংস্কৃত-ঘেঁষা হিন্দি উচ্চারণে বিন্দুমাত্র খামতি রাখতে চাইছেন না রণবীর-যশ অভিনীত এই বিগ বাজেট ছবির নির্মাতারা। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিলমোহর পড়েনি, তবে স্টুডিওর অন্দরে গুঞ্জন তুঙ্গে।

উল্লেখ্য, ‘রামায়ণ’ ছবিতে মা সীতার চরিত্রের জন্য প্রথমে আলিয়া ভাটকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু ডেট সংক্রান্ত সমস্যার কারণে পরে সাই পল্লবীকে চুক্তিবদ্ধ করা হয়। বর্তমানে রামের ভূমিকায় রণবীর কাপুর এবং রাবণের চরিত্রে দক্ষিণী সুপারস্টার যশের লুক নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। দুই খণ্ডে মুক্তি পেতে চলা এই সিনেমার প্রথম ভাগ চলতি বছরের দীপাবলিতে বড় পর্দায় আসার কথা। দ্বিতীয় ভাগ আসবে ২০২৭ সালে। এখন দেখার, ডাবিং জল্পনা কাটিয়ে সাই পল্লবী শেষ পর্যন্ত নিজের কণ্ঠ ধরে রাখতে পারেন কি না।