রোহিত শেঠি থেকে দিশা পাটানি: লরেন্স বিষ্ণোই-গোল্ডি ব্রারদের নিশানায় যে ৭ সেলিব্রিটি, কেন বারবার চলছে গুলি?

বিনোদন জগতের ঝলমলে আলোর নিচে যে অন্ধকারের মাফিয়া রাজ লুকিয়ে আছে, তা আরও একবার প্রকাশ্যে এল পরিচালক রোহিত শেঠির বাড়ির বাইরে হামলার ঘটনায়। ২০২৬ সালের ৩১ জানুয়ারি গভীর রাতে জুহুর ‘শেঠি টাওয়ার্স’-এ অজ্ঞাতপরিচয় হামলাকারীদের চার রাউন্ড গুলি চালানোর ঘটনায় স্তম্ভিত গোটা বলিউড। লরেন্স বিষ্ণোই গ্যাং এই হামলার দায় স্বীকার করে সোশ্যাল মিডিয়ায় হুমকি দিয়েছে—”পরের বার লক্ষ্যভেদ হবেই।”

রোহিত শেঠি একাই নন, সাম্প্রতিক বছরগুলিতে একাধিক ভারতীয় ও আন্তর্জাতিক খ্যাতনামা সেলিব্রিটি এই গ্যাংস্টারদের নিশানায় এসেছেন। মূলত চাঁদাবাজি (Extortion) এবং নিজেদের আধিপত্য বিস্তারের জন্যই গ্যাংস্টার গোল্ডি ব্রার ও লরেন্স বিষ্ণোই সিন্ডিকেট সেলিব্রিটিদের টার্গেট করছে।

যে তারকাদের বাড়িতে চলল গুলি:

দিশা পাটানি: ২০২৫ সালের সেপ্টেম্বরে দিশার বেরেলির পৈতৃক বাড়িতে মোটরসাইকেলে আসা দুষ্কৃতীরা ১০ রাউন্ড গুলি চালায়। গোল্ডি ব্রার গ্যাং এই হামলার দায় স্বীকার করেছিল।

কপিল শর্মা: জনপ্রিয় কমেডিয়ানের কানাডার সারে-তে অবস্থিত নতুন রেস্তোরাঁ ‘কাপস ক্যাফে’-তেও মাঝরাতে হামলা চালায় বন্দুকবাজরা।

এলভিশ যাদব: ২০২৫ সালের আগস্টে ইউটিউবার এলভিশ যাদবের গুরুগ্রামের বাড়িতে দুই ডজনেরও বেশি গুলি চালানো হয়। বরাতজোরে বেঁচে যায় তাঁর পরিবার।

করণ আউজলা: পাঞ্জাবি গায়ক করণ আউজলার কানাডার বাড়িতে অন্তত ছয়বার গুলি চালানো হয়েছে। নিরাপত্তার অভাবে তিনি বর্তমানে দুবাইতে বসবাস শুরু করেছেন।

গিপ্পি গ্রেওয়াল: ২০২৩ সালে কানাডায় গিপ্পির বাড়িতে লরেন্স বিষ্ণোই গ্যাং গুলি চালায় শুধুমাত্র এক বিশেষ অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠতার অপরাধে।

সিধু মুসেওয়ালা: ২০২২ সালের ২৯ মে পাঞ্জাবের জওয়ারকে গ্রামে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয় এই কিংবদন্তি গায়ককে, যা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল।

এই একের পর এক হামলায় সেলিব্রিটিদের ব্যক্তিগত নিরাপত্তা এখন বড়সড় প্রশ্নের মুখে। পুলিশ কড়া নিরাপত্তার ব্যবস্থা করলেও মুম্বই থেকে কানাডা—সর্বত্রই গ্যাংস্টারদের এই ‘হিট লিস্ট’ আতঙ্ক ছড়াচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy