রচনা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় স্বস্তিকা! ‘দিদি নম্বর ওয়ান’-এর নতুন সিজন নিয়ে বড় ঘোষণা!

টালিউডের অন্দরমহলে এখন একটাই আলোচনা—‘দিদি নম্বর ওয়ান’ সিজন ১০-এর নতুন অধ্যায়। দীর্ঘ সময় ধরে এই রিয়্যালিটি শো-এর সঙ্গে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম সমার্থক হয়ে উঠলেও, এবার সেই মঞ্চে বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেল। সম্প্রতি ‘সারেগামাপা’র গ্র্যান্ড ফিনালেতে নীল ঢাকাই শাড়ি ও অভিজাত সাজে হাজির হয়ে রীতিমতো তাক লাগিয়ে দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

মঞ্চে স্বস্তিকাকে স্বাগত জানিয়ে সঞ্চালক আবির চট্টোপাধ্যায় যখন তাঁর সৌন্দর্যের প্রশংসা করেন, তখন বলিউডের জনপ্রিয় গায়ক মিকা সিংও স্বস্তিকার প্রশংসায় পঞ্চমুখ হন। শুধু প্রশংসাই নয়, স্বস্তিকার জন্য মিকা সিং গানও পরিবেশন করেন, আর সেই সুরের ছন্দে আবির ও স্বস্তিকাকে কোমর দোলাতেও দেখা যায়। এমন প্রাণবন্ত আবহেই আবির আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে, ২৯ জুন থেকে ‘দিদি নম্বর ওয়ান- সিজন ১০’-এর সঞ্চালনার দায়িত্ব গ্রহণ করছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। মিকা সিংয়ের প্রশংসায় আপ্লুত স্বস্তিকা রসিকতার সুরে আবিরকে বলেন, “এতদিনে কেউ আমাকে বুঝল। কী করলি তোরা?”

স্বস্তিকা জানিয়েছেন, নতুন সিজনে দর্শকদের জন্য চমকের পাহাড় অপেক্ষা করছে। আগের তুলনায় খেলা, মজা এবং প্রাপ্তি—সবকিছুই হতে চলেছে দশগুণ। শো-এর সময়সূচীতেও এসেছে বড় পরিবর্তন। এখন থেকে প্রতি সোম থেকে শুক্রবার রাত ১০টা ১৫ মিনিটে সম্প্রচারিত হবে ‘দিদি নম্বর ওয়ান’।

উল্লেখ্য, ২০১০ সালের ১ নভেম্বর পথচলা শুরু হয় জনপ্রিয় এই গেম শো-এর। প্রথম সিজনে পুষ্পিতা মুখোপাধ্যায় সঞ্চালনার দায়িত্বে থাকলেও, পরবর্তীতে দীর্ঘ সময় রচনা বন্দ্যোপাধ্যায় এই শো-কে নিজের অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। মাঝে জুন মালিয়া, দেবশ্রী রায় বা সুদীপা চট্টোপাধ্যায় দায়িত্ব সামলালেও, রচনা বন্দ্যোপাধ্যায়ের অভাব দর্শক সবসময়েই অনুভব করেছেন। তবে এবার স্বস্তিকা মুখোপাধ্যায়ের কাঁধে এল ‘দিদি নম্বর ওয়ান’-এর দীর্ঘদিনের ঐতিহ্য ও জনপ্রিয়তাকে ধরে রাখার কঠিন চ্যালেঞ্জ। দর্শক নতুন এই সঞ্চালককে কতটা আপন করে নেয়, এখন সেটাই দেখার বিষয়।