মুক্তির কয়েক ঘণ্টা আগেই বড় ধাক্কা! বাতিল সূর্য-তৃষার ‘কারুপ্পু’-র মর্নিং শো, কান্নায় ভেঙে পড়লেন ভক্তরা

দক্ষিণী সিনেমার মেগাস্টার সূর্য এবং গ্ল্যামার কুইন তৃষা কৃষ্ণানের বহু প্রতীক্ষিত সিনেমা ‘কারুপ্পু’ আজ, ১৪ই মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ছবিটির প্রিমিয়ার এবং মর্নিং শো ঘিরে তৈরি হলো চরম নাটকীয়তা। মুক্তির ঠিক কয়েক ঘণ্টা আগে এক আকস্মিক সিদ্ধান্তে ছবিটির সকাল ৯টার শো বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা। এই ঘটনায় তামিলনাড়ু জুড়ে দর্শকদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে।

মুখ্যমন্ত্রী বিজয়ের বিশেষ অনুমতি ও অপ্রত্যাশিত বিঘ্ন
তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী তথা জনপ্রিয় অভিনেতা থালাপথি বিজয় ব্যক্তিগতভাবে ছবিটির গুরুত্ব বিবেচনা করে সকাল ৯টার শো-এর জন্য বিশেষ অনুমতি দিয়েছিলেন। সাধারণত বড় ছবির ক্ষেত্রে এই ধরনের অনুমতি পাওয়া ভাগ্যের ব্যাপার। নির্মাতারাও মুখ্যমন্ত্রী বিজয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অফিসিয়াল পোস্ট করেছিলেন। কিন্তু খোদ মুখ্যমন্ত্রীর অনুমোদনের পরও কেন শো বাতিল করতে হলো, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।

প্রযোজক ও পরিচালকের বয়ান
ছবির প্রযোজক এসআর প্রভু সোশ্যাল মিডিয়ায় শো বাতিলের খবর নিশ্চিত করেছেন এবং দর্শকদের কাছে ক্ষমাপ্রার্থনা করেছেন। তিনি বিষয়টিকে ‘অনিবার্য পরিস্থিতি’ বলে ব্যাখ্যা করলেও প্রকৃত কারণ খোলসা করেননি। অন্যদিকে, ছবির পরিচালক আরজে বালাজি একটি আবেগঘন ইনস্টাগ্রাম পোস্টে ভক্তদের ধৈর্য ধরার আবেদন জানিয়েছেন। তিনি লিখেছেন, “এই মুহূর্তে আমার কাছে কোনো সরাসরি উত্তর নেই। ৩২ মাস ধরে নানা বাধার সম্মুখীন হয়েও আমরা এখানে পৌঁছেছি। প্রযোজকরা সমস্যা সমাধানের চেষ্টা করছেন। ঈশ্বরের ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে।”

নেপথ্যে কি আর্থিক সংকট?
সূত্রের খবর, ছবিটির মুক্তি নিয়ে কিছু আর্থিক লেনদেনের সমস্যা তৈরি হয়েছে। কিছু রিপোর্টে দাবি করা হচ্ছে, বকেয়া অর্থ পরিশোধ নিয়ে আইনি বা আর্থিক জটিলতার কারণেই শেষ মুহূর্তে মর্নিং শো শুরু করা সম্ভব হয়নি। যদিও ড্রিম ওয়ারিয়র পিকচার্স বা অন্য কোনো অফিশিয়াল সূত্র এই আর্থিক সংকটের কথা সরাসরি স্বীকার করেনি। ৩২ মাস ধরে ঝুলে থাকার পর বড় পর্দায় সূর্য-তৃষার রসায়ন দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শকরা, কিন্তু বর্তমান পরিস্থিতিতে ছবিটির ভবিষ্যৎ এবং বিকেলের রোগুলো চলবে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেল।