বলিউড ও হলিউডের তারকা দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের একমাত্র কন্যা মালতী মেরি জোনাস এখন সোশ্যাল মিডিয়ার মধ্যমণি। সম্প্রতি লাস ভেগাসে বাবার মিউজিক শো-এর মহড়া চলাকালীন মালতীর একটি মিষ্টি মুহূর্ত সামনে আসতেই তা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। নিক জোনাস নিজেই ইনস্টাগ্রামে মেয়ের ‘রকস্টার’ অবতারের ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, স্টেজের ব্যাকস্টেজে বড় ড্রাম সেটের সামনে বসে পরম কৌতূহলে ড্রামস্টিক হাতে বাজনা বাজাচ্ছে খুদে মালতী। শুধু ড্রাম নয়, পেশাদারদের মতো হেডফোন এবং মাইক্রোফোন হাতে তার গান শোনার ভঙ্গিমাও নেটিজেনদের মন জয় করেছে। ছবির ক্যাপশনে নিক রসিকতা করে লিখেছেন, “হোয়াট হ্যাপেনস ইন ভেগাস…”।
তবে আজকের এই চঞ্চল মালতীর শৈশব কিন্তু মোটেও সহজ ছিল না। ২০২২ সালের জানুয়ারি মাসে সারোগেসির মাধ্যমে জন্মের সময় মালতী প্রিম্যাচিউরড ছিল। মাত্র ১ পাউন্ড ১১ আউন্স (প্রায় ৭৬৫ গ্রাম) ওজনের সেই খুদের বেঁচে থাকার লড়াই ছিল অবিশ্বাস্য। জন্মের পরপরই শারীরিক অবস্থা এতটাই আশঙ্কাজনক ছিল যে, তাকে কৃত্রিমভাবে পুনরুজ্জীবিত (Resuscitate) করতে হয়েছিল। করোনাকালীন সেই ভয়াবহ সময়ে টানা ১০০ দিন তাকে এনআইসিইউ (NICU)-তে কাটাতে হয়েছিল। প্রিয়াঙ্কা এবং নিক ১২ ঘণ্টার শিফটে মেয়ের পাশে থেকে লড়াই চালিয়েছিলেন। সেই লড়াইয়ে জয়ী হয়ে আজ মালতী এক প্রাণবন্ত শিশু। বাবার মিউজিক্যাল ট্যুরের সঙ্গী হয়ে তার এই ড্রাম বাজানোর দক্ষতা দেখে ভক্তদের মন্তব্য, জিনগতভাবে মালতী সম্ভবত বাবার সুরের উত্তরাধিকারী হতে চলেছে।





