‘মা ইন্তি বাঙ্গারাম’-এর সাফল্যের মাঝেই বড় ঘোষণা সামান্থার, স্বামী রাজের সঙ্গে শীঘ্রই নতুন অতিথির অপেক্ষায়?

দক্ষিণী চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু তাঁর জীবনের এক নতুন ও আনন্দময় অধ্যায় শুরু করতে চলেছেন। কিছুদিন ধরেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে নেটদুনিয়ায় গুঞ্জন চলছিল, যা এবার নিজেই নিশ্চিত করলেন সামান্থা। নিজের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর সাফল্য উদযাপন অনুষ্ঠানে অভিনেত্রী ঘোষণা করলেন যে, তিনি খুব শীঘ্রই মাতৃত্বকালীন ছুটিতে যেতে চলেছেন।

বুধবার হায়দরাবাদে আয়োজিত ওই অনুষ্ঠানে সামান্থা স্পষ্ট জানান, জীবনের এই বিশেষ পর্যায়ে নিজের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিতে তিনি অভিনয় জগত থেকে সাময়িক বিরতি নিচ্ছেন। সামান্থার কথায়, “ছবিটির কাজ শেষ করার পর শারীরিক অবস্থার কথা মাথায় রেখে আমাকে বিরতি নিতেই হবে। মাতৃত্বকালীন ছুটির সময়টুকু আমি পরিবারের সঙ্গে কাটাব এবং এরপর নতুন উদ্যমে আবার আপনাদের মাঝে ফিরে আসব।”

অনুষ্ঠানে সামান্থার পাশে উপস্থিত ছিলেন তাঁর স্বামী তথা খ্যাতনামা পরিচালক রাজ নিদিমোরু। অভিনেত্রীর এই ঘোষণার পর শুভেচ্ছার জোয়ারে ভেসে যান তারকা দম্পতি। শোনা যাচ্ছে, চলতি বছরের ডিসেম্বর মাসেই তাঁদের ঘর আলো করে আসবে প্রথম সন্তান। সামান্থার গর্ভাবস্থার খবর নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক নন্দিনী রেড্ডিও। তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “ছবিটি বক্স অফিসে যে সাফল্য পেয়েছে, তার চেয়েও বড় আনন্দ এখন সামান্থার এই খুশির খবর।”

উল্লেখ্য, ২০২১ সালে নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন সামান্থা। এরপর কাজের সুবাদে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে তাঁর সখ্যতা গড়ে ওঠে। ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ২’ এবং ‘সিটাডেল: হানি বানি’-র মতো প্রজেক্টে তাঁদের রসায়ন নজর কেড়েছিল। এরপর ২০২৫ সালের ১ ডিসেম্বর কোয়েম্বাটুরের ইশা যোগ সেন্টারে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। বর্তমানে সামান্থা ও রাজ অভিনীত ‘মা ইন্তি বাঙ্গারাম’ বিশ্বজুড়ে ৫০ কোটি টাকার ব্যবসা করে সাড়া ফেলেছে। সামান্থার মাতৃত্বের এই খবরে এখন খুশির হাওয়া তাঁর অগনিত অনুরাগী মহলে।