বক্স অফিসে ঝড়ের গতিতে এগোচ্ছে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর ২’। বিশ্বজুড়ে ৫০০ কোটিরও বেশি ব্যবসা করে ছবি যখন সাফল্যের শিখরে, ঠিক তখনই সামনে এল শুটিং সেটের এক চাঞ্চল্যকর তথ্য। ছবির প্রস্থেটিক্স আর্টিস্ট করণদীপ সিং সোশ্যাল মিডিয়ায় ফাঁস করেছেন রণবীর সিং-এর কাজের ধরুন ও কঠোর শৃঙ্খলার কথা।
করণদীপের মতে, ‘হামজা’ এবং ‘জসকিরাত’—এই দুটি ভিন্ন চরিত্রের শারীরিক ও মানসিক রূপান্তর ছিল অত্যন্ত জটিল। ঘণ্টার পর ঘণ্টা ভারী প্রস্থেটিক্স মেকআপ এবং রক্তের এফেক্ট নিয়ে চড়া রোদে দাঁড়িয়ে থাকতে হলেও রণবীর কখনও অভিযোগ করেননি। বরং ইউনিটের কেউ অন্যমনস্ক হলে অভিনেতা কড়া ভাষায় ধমক দিয়ে বলতেন, “কাজের প্রতি মনোযোগ দাও, আমরা এখানে মজা করতে আসিনি! তোমরা জানো না আমরা কী তৈরি করছি।”
শুটিং সেটে রণবীরের এই ‘অ্যাংরি ইয়াং ম্যান’ অবতার আদতে কাজের মান বাড়ানোর জন্যই ছিল বলে দাবি ইউনিটের। কোনো রকম ‘স্টার সুলভ’ আচরণ না করে বরং কঠিন পরিস্থিতিতেও সবার সঙ্গে সহযোগিতা করেছেন তিনি। সমালোচকরা চিত্রনাট্যের গতি নিয়ে প্রশ্ন তুললেও, রণবীরের অভিনয় এবং ভিজ্যুয়াল এফেক্ট ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে। কঠোর পরিশ্রম আর নিশ্ছিদ্র ফোকাস যে সাফল্যের চাবিকাঠি, ‘ধুরন্ধর ২’-এর রেকর্ড ব্রেকিং কালেকশনই তার প্রমাণ।