ভাঙল দীর্ঘদিনের সম্পর্ক! সাফল্যের শিখরে উঠে সানি কৌশলের সঙ্গে ব্রেকআপ শর্বরী ওয়াঘের?

বলিউডের গ্ল্যামার দুনিয়ায় এই মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী শর্বরী ওয়াঘ। প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর জোশীর নাতনি হিসেবে নয়, বরং নিজের অভিনয় ক্ষমতার জোরেই তিনি এখন বি-টাউনের নয়া সেনসেশন। ‘মুঞ্জ্যা’ এবং ‘মহারাজ’-এর মতো ছবির অভাবনীয় সাফল্যের পর শর্বরীর ক্যারিয়ার এখন সাফল্যের শিখরে। অথচ পেশাগত জীবনের এই উত্থানের সঙ্গেই ব্যক্তিগত জীবনে নেমে এল বড় বিপর্যয়। শোনা যাচ্ছে, দীর্ঘদিনের প্রেমিক সানি কৌশলের সঙ্গে দীর্ঘ সম্পর্কে ইতি টেনেছেন অভিনেত্রী।

২০২০ সালে ‘দ্য ফরগটন আর্মি- আজাদি কে লিয়ে’ ছবির সেটে শুরু হয়েছিল সানি ও শর্বরীর সম্পর্কের পথচলা। যদিও তাঁরা বরাবরই ব্যক্তিগত সম্পর্ককে ক্যামেরার আড়ালে রাখতে চেয়েছেন, কিন্তু বলিপাড়ার পার্টি থেকে বিভিন্ন ইভেন্টে তাঁদের রসায়ন ছিল ওপেন সিক্রেট। সানি কৌশল নিজেও ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরির চেষ্টা করছিলেন, কিন্তু শর্বরীর বর্তমান সাফল্য তাঁকে অনেকটা পিছনে ফেলে দিয়েছে।

বলিউড অন্দরমহলের খবর অনুযায়ী, এই সম্পর্কের বিচ্ছেদের প্রধান কারণ হিসেবে উঠে আসছে ‘পেশাগত জীবনের বৈষম্য’। শর্বরী এখন যশরাজ ফিল্মসের মতো বড় ব্যানারের মুখ, তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। অন্যদিকে সানি কৌশলের ক্যারিয়ার সেভাবে গতি পায়নি। অনেকে এই পরিস্থিতির সঙ্গে অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের সেই আইকনিক ছবি ‘অভিমান’-এর মিল খুঁজে পাচ্ছেন। যেখানে স্ত্রীর সাফল্য স্বামীর ইগোকে আঘাত করে সম্পর্কের বিনাশ ঘটায়। সানি ও শর্বরীর ক্ষেত্রেও কি পেশাগত ঈর্ষা বা দূরত্বের সৃষ্টি হয়েছিল? প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। ২০২৫ সালেই তাঁদের সম্পর্কে চূড়ান্ত বিচ্ছেদ ঘটে বলে খবর।

যদিও এই ব্রেকআপ নিয়ে দুজনের কেউই মুখ খোলেননি, তবুও জল্পনা থেমে নেই। এরই মধ্যে শর্বরীর নাম জড়িয়েছে তাঁর নতুন সহ-অভিনেতা বেদান্ত রায়নার সঙ্গে। নতুন ছবি ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’-এর সেটে তাঁদের অফ-স্ক্রিন ঘনিষ্ঠতা নজর কেড়েছে অনেকেরই। কাকতালীয়ভাবে, বেদান্তের প্রেমিকা খুশি কাপুরের সঙ্গেও তাঁর বিচ্ছেদের খবর একই সময়ে প্রকাশ্যে এসেছে। যা এই জল্পনাকে আরও জোরালো করেছে। সানি কৌশল হোক বা বেদান্ত রায়না, শর্বরীর ব্যক্তিগত জীবনের এই নতুন মোড় এখন টক অফ দ্য টাউন। সানি কি সত্যিই অতীত? নাকি সাফল্যের এই মিছিলে নতুন কোনো গল্পের অপেক্ষায় শর্বরী? উত্তরের অপেক্ষায় ভক্তরা।