বিলাসবহুল কনসার্ট ছেড়ে গামছা মাথায় সাদামাটা জীবন, বোলপুরের পর এবার মুলুটি বারোমেসিয়া জঙ্গলে অরিজিৎ সিং

অরিজিৎ সিং—কমবেশি সকলের কাছে পরিচিত এই নামটি বর্তমানে বিশ্ববিখ্যাত গায়ক হিসেবে পরিচিত। তাঁর গানের কনসার্টে তাঁর কণ্ঠে গান শোনার জন্য অনুরাগীরা লক্ষ লক্ষ টাকা খরচ করে টিকিট কেনেন। তবে এই বিশ্বজোড়া খ্যাতির মাঝেও তাঁর সাদামাটা জীবনযাপন তাঁকে বারবার অন্যদের থেকে আলাদা করে তোলে। কখনও তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে স্কুটি চালিয়ে বাজারে বেরিয়ে পড়েন, আবার কখনও পায়ে হেঁটে ঘুরে বেড়ান পাড়ার অলিগলি।

এবার সেই অরিজিৎ সিংকে দেখা গেল বীরভূমের রামপুরহাট ও তারাপীঠ এলাকায়! যদিও এর আগেও এই গায়ককে বেশ কয়েকবার লাল মাটির শহর বোলপুর শান্তিনিকেতনে দেখা গেছে। কখনও তিনি মাথায় গামছা নিয়ে বোলপুর শহরের আশেপাশের গ্রামেগঞ্জে ঘুরে বেড়িয়েছেন, আবার কখনও স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছেন।

তারাপীঠের রিসর্টে অরিজিৎ:

জানা যায়, এবার তিনি তারাপীঠের একটি বেসরকারি রিসর্টে উঠেছেন। বৃহস্পতিবার অরিজিৎ সিংকে তাঁর স্ত্রী কোয়েল রায়কে সঙ্গে নিয়ে রামপুরহাট এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখা যায়। তিনি আর পাঁচটা সাধারণ মানুষের মতোই সাধারণ পোশাকে ছিলেন এবং মুখে মাস্ক ব্যবহার করেছিলেন। বৃহস্পতিবার তাঁকে মুলুটি বারোমেসিয়া জঙ্গলে ঘুরে বেড়াতেও দেখা যায়।

অরিজিৎ সিংয়ের ঘনিষ্ঠদের সূত্রে খবর, তিনি রাতে রিসর্টে ফিরে আসেন। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, অরিজিৎ সিংয়ের ব্যক্তিগত চলাচলের জন্য দুটি ইনোভা গাড়ি, একটি হাতি গাড়ি এবং চারটি স্কুটি ছিল, যেগুলিতে তাঁর সহযোগী ও নিরাপত্তারক্ষীরা চলাফেরা করছিলেন।

যদিও তিনি সংবাদমাধ্যমের সামনে আসেননি, তবে এলাকায় তাঁর উপস্থিতি ঘিরে ইতিমধ্যেই অরিজিৎ-এর ভক্তদের মধ্যে তুমুল উৎসাহ ও উন্মাদনা ছড়িয়েছে।