বিয়ের পিঁড়িতে ‘বিশ্বের সবচেয়ে সুন্দরী’ নারী! রূপকথার মতো বিয়ে সারলেন থাইলান ব্লন্ডো

গ্ল্যামার জগতের পরিচিত মুখ, একসময়ের ‘বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়ে’ হিসেবে খ্যাত ফরাসি মডেল থাইলান ব্লন্ডো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ২৫ বছর বয়সী এই সুপারমডেল প্যারিসের ১৬তম অ্যারোন্ডিসমেন্টের টাউন হলে দীর্ঘদিনের প্রেমিক ও ফরাসি অভিনেতা-ডিজে বেন আতালের সঙ্গে তাঁর দাম্পত্য জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই সুখবর জানিয়েছেন তিনি।

কিছুদিন আগেই গ্রিসে এক রোমান্টিক আউটিংয়ের সময় বেন আতালের সাথে বাগদান সারেন থাইলান। তিন মাসের মাথায় তাঁদের এই দ্রুত বিয়ের সিদ্ধান্তে চমকে গিয়েছিলেন অনুরাগীরা। বিশেষ এই দিনে থাইলান বেছে নিয়েছিলেন ‘ইভা বুস্কিলা ব্রাইডাল’-এর কাস্টম কুচার গাউন। আইফেল টাওয়ারের সামনে সাদা গাউন, কেপলেট এবং মাথায় সাদা ফুলের সাজে তাঁকে অপরূপা লাগছিল। হবু বর বেন আতালকে দেখা গেছে ক্লাসিক নেভি ব্লু স্যুটে। বিয়ের ভেন্যুতে তাঁরা এসেছিলেন একটি অভিজাত প্ল্যাটিনাম রঙের ‘পোর্শে ৩৫৬ স্পিডস্টার’ গাড়িতে করে।

থাইলান ব্লন্ডোর জীবন কোনো সিনেমার গল্পের চেয়ে কম নয়। ফ্রান্সের এক্স-অঁ-প্রোভঁস-এ জন্ম নেওয়া থাইলান বিখ্যাত ফুটবলার প্যাট্রিক ব্লন্ডো এবং অভিনেত্রী ভেরোনিকা লুব্রির কন্যা। মাত্র চার বছর বয়সে জঁ-পল গঁতিয়ের-এর র‍্যাম্পে হাঁটা শুরু করা এই শিশুকন্যা ২০০৬ সালে মাত্র ৬ বছর বয়সে ‘ভোগ এনফ্যান্টস’ কর্তৃক ‘বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়ে’র খেতাব পান। ১০ বছর বয়সে ‘ভোগ প্যারিস’-এর সর্বকনিষ্ঠ মডেল হিসেবে পোজ দিয়ে যেমন প্রশংসা কুড়িয়েছিলেন, তেমনি মেকআপের বিতর্কিত সম্পাদকীয় নিয়ে সমালোচনার মুখেও পড়েছিলেন।

তবে সমালোচনা তাঁকে দমাতে পারেনি। ১৭ বছর বয়সে ডলচে অ্যান্ড গাবানার হয়ে মিলান ফ্যাশন উইকে তাঁর হাঁটা ফ্যাশন দুনিয়ায় ঝড় তুলেছিল। লরিয়েল-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করেছেন তিনি। ২০১৮ সালে ‘টিসি ক্যান্ডলার’-এর বার্ষিক তালিকায় বিশ্বের ১০০ সুন্দরী নারীর তালিকায় প্রথম স্থান অধিকার করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। বর্তমানে তিনি আইএমজি মডেলস-এর সাথে যুক্ত এবং ‘হেভেন মে’ নামক নিজস্ব পোশাকের ব্র্যান্ড পরিচালনা করছেন। অভিনয়ের জগতে ‘বেল অ্যান্ড সেবাস্টিয়ান: দ্য অ্যাডভেঞ্চার কন্টিনিউস’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেছেন তিনি।

নিজের সৌন্দর্য সম্পর্কে অবশ্য থাইলান অত্যন্ত বিনয়ী। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, “অনেকে আমাকে ‘সবচেয়ে সুন্দরী’ বলে ডাকেন। কিন্তু আমি মনে করি আমি কেবলই একজন মানুষ, একজন সাধারণ নারী মাত্র।” সাফল্যের তুঙ্গে থাকা এই মডেলের জীবনে নতুন সম্পর্কের এই অঙ্গীকার এখন বিশ্বজুড়ে তাঁর ভক্তদের আলোচনার শীর্ষে।