‘বিগ বস’-এর ঘরে বড় বিপদে এই পাঁচ তারকা! এলিমিনেশনের খাঁড়া ঝুলছে কার কার মাথার উপর?

জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর ঘরে ফের শুরু হয়েছে উত্তেজনায় ভরপুর নমিনেশন পর্ব। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই পর্যায়ে এসে এলিমিনেশনের দিকে এক ধাপ এগিয়ে গেলেন পাঁচজন প্রতিযোগী। এবারের নমিনেশন তালিকায় যাঁদের নাম উঠে এসেছে, তাঁদের মধ্যে রয়েছেন নন্দিনী দত্ত, ভরত কল, রাজবীর দে, দুর্নিবার সাহা এবং নিরঞ্জন মণ্ডল। চলতি সপ্তাহে তনুশ্রী রায় দাস ঘরের ক্যাপ্টেন হওয়ায় তিনি সরাসরি নমিনেশনের আওতার বাইরে ছিলেন। অন্যদিকে, ওয়াইল্ড কার্ড বা নতুন সদস্য হিসেবে ঘরে প্রবেশ করা অনুষ্কা ঘোষকে ‘বিগ বস’ একটি বিশেষ ‘সুপার পাওয়ার’ প্রদান করেন, যার বলে তিনি যেকোনো একজন সদস্যকে এই বিপদ থেকে রক্ষা করতে পারতেন।
অনুষ্কার এই বিশেষ ক্ষমতা পাওয়ার পরই তাঁকে নিজেদের অনুকূলে টানতে এবং নমিনেশন থেকে বাঁচাতে জোরদার দরকষাকষি শুরু হয় প্রতিযোগীদের মধ্যে। সবাই একে একে নিজেদের নিরাপদ রাখার জন্য অনুষ্কার কাছে আর্জি জানান। তবে শেষ পর্যন্ত রাজবীর দে বুদ্ধি করে জীতুকে বাঁচানোর জন্য অনুরোধ করেন এবং বিনিময়ে অনুষ্কাকে কথা দেন যে আগামী ক্যাপ্টেনসি টাস্কে তিনি একনিষ্ঠভাবে অনুষ্কার পক্ষেই লড়বেন। রাজবীরের এই প্রতিশ্রুতির মান রেখে অনুষ্কা তাঁর ‘সুপার পাওয়ার’ প্রয়োগ করে জীতুকে সুরক্ষিত করেন।
এরপরই শুরু হয় ঘরের বাকি সদস্যদের কনফেশন রুমে গিয়ে ভোটিং পর্ব। একে একে প্রতিযোগীরা দু’জন করে সদস্যের নাম নমিনেশনে দেন। দীপেন্দু, সোনামণি, ঝিলম ও তনুশ্রী মিলে রাজবীরকে কাঠগড়ায় তুলে নমিনেট করেন। অন্যদিকে, সৃজলা নন্দিনী দত্তকে নমিনেট করে জানান যে তিনি নন্দিনীর আশেপাশে নিরাপদ বোধ করছেন না। পাশাপাশি সৃজলা মনামীর নামও নমিনেশনে তোলেন, কারণ হিসেবে তিনি অভিযোগ করেন যে মনামী সামনে ভালো ব্যবহার করলেও আড়ালে তাঁর বিরুদ্ধে কুৎসা রটান। নতুন সদস্য অনুষ্কা সরাসরি নন্দিনী ও ভরত কলকে নমিনেশনের খাতায় ফেলেন।
অনিন্দ্য সেনগুপ্ত, জয়িতা চ্যাটার্জি, সায়ক চক্রবর্তী ও সোহিনী পালের বিদায়ের পর এবার ‘বিগ বস’-এর অন্দরে কার খেলা ফুরোবে এবং কার মাথায় ঝুলবে এলিমিনেশনের খাড়া, সেই চূড়ান্ত উত্তর মিলবে উইকেন্ডের বিশেষ পর্ব ‘দাদার দরবার’-এ।