বয়স যে কেবল একটি সংখ্যা, তা বারবার প্রমাণ করেছেন নীনা গুপ্তা। তবে সম্প্রতি ৬৬ বছর বয়সে অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে তোলপাড় সোশ্যাল মিডিয়া। হায়দরাবাদে বিজয় দেবোরকোণ্ডা ও রশ্মিকা মন্দানার রিসেপশনে নীনার একটি ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ দাবি করেন যে, তাঁর ‘বেবি বাম্প’ স্পষ্ট। বিষয়টি নিয়ে নেটপাড়ায় শুরু হয় তুমুল আলোচনা।
তবে এই উদ্ভট জল্পনায় বিচলিত না হয়ে বরং মজার ছলেই উত্তর দিলেন অভিনেত্রী। ‘বলিউড হাঙ্গামা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নীনা হেসে জানান, “আমার জীবনে এখন এটাই পাওয়া বাকি ছিল—বাস্তবের ‘বাধাই হো’!” তবে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, তিনি অন্তঃসত্ত্বা নন। কেন এমন ভুল বোঝাবুঝি তৈরি হলো, তার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, “সেদিন আমি খুব মোটা কাপড়ের একটি শাড়ি পরেছিলাম, যে কারণে শারীরিক গঠন কিছুটা ভারী দেখাচ্ছিল।”
মানুষের কৌতূহলকে ইতিবাচকভাবেই নিয়েছেন এই সাহসী অভিনেত্রী। রসিকতা করে নীনা বলেন, “এই বয়সে আমার প্রেগন্যান্সি নিয়ে মানুষের এত আলোচনা দেখে মনে হচ্ছে জাতি হিসেবে আমরা সত্যিই অনেক উন্নত হচ্ছি!” ব্যক্তিগত জীবনে বরাবরই ছক ভাঙতে পছন্দ করেন নীনা, আর এবারও নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে হাসিমুখেই সব গুঞ্জনের ইতি টানলেন তিনি।