২০২৬ সালের শুরুতেই টলিউডে বসন্তের হাওয়া। ২৫ বছরে পা রাখল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের প্রযোজনা সংস্থা ‘উইন্ডোজ’। এই বিশেষ বছরটিকে স্মরণীয় করে রাখতে তাঁরা ঘোষণা করলেন দুটি বড় প্রজেক্ট— ‘ফুলপিসি ও এডওয়ার্ড’ এবং ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’। রহস্য আর আবেগের মিশেলে তৈরি ‘ফুলপিসি ও এডওয়ার্ড’-এর শুটিং শুরু হচ্ছে ৪ জানুয়ারি থেকেই। এই ছবির হাত ধরেই দীর্ঘ ৬ বছর পর পর্দায় ফিরছেন অর্জুন চক্রবর্তী, আর ছোট পর্দার জনপ্রিয় মুখ শ্যামৌপ্তি মুদলির হচ্ছে রূপোলি অভিষেক।
অন্যদিকে, ‘বহুরূপী’র ব্লকবাস্টার সাফল্যের পর ফ্র্যাঞ্চাইজিকে এগিয়ে নিয়ে যেতে আসছে ‘দ্য গোল্ডেন ডাকু’। বর্তমানে ছবির চিত্রনাট্য লেখার কাজ চলছে। তবে শুধু উইন্ডোজ নয়, নতুন বছরে টলিউডের ঝুলি বেশ ভারী। জানুয়ারিতেই মুক্তি পাচ্ছে অঙ্কুশ-ঐন্দ্রিলার কমেডি মুভি ‘নারী চরিত্র বেজায় জটিল’। সরস্বতী পুজোয় লড়াই জমবে রাজ চক্রবর্তীর ‘হোক কলরব’ এবং অরিত্র মুখোপাধ্যায়ের ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর মধ্যে।
তালিকায় রয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘উইঙ্কল টুইঙ্কল’ এবং অরিন্দম শীলের ‘কর্পূর’। দেবের ভক্তদের জন্য সুখবর, এ বছরই আসতে চলেছে ‘টনিক ২’ এবং ‘খাদান ২’-এর কাজও দ্রুত শুরু হবে। বছরের শেষে দুর্গাপুজোর সময় এসভিএফ আনতে পারে ‘একেন’ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি। জিতের ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ মুক্তির সম্ভাবনা রয়েছে স্বাধীনতা দিবসে। সব মিলিয়ে ২০২৬ সাল হতে চলেছে বাংলা সিনেমার এক স্বর্ণযুগ।