ববির চোখে আলিয়া কতটা ‘ভয়ঙ্কর’? ‘আলফা’র সেটে শিউরে ওঠা অভিজ্ঞতার কথা ফাঁস করলেন অভিনেতা

টিনসেল টাউনের অন্দরমহলে গসিপের শেষ নেই। আজ নজরে বিনোদনের পাতায় চোখ রাখলেই মিলবে বলিউড তারকাদের জীবনের কিছু চাঞ্চল্যকর ও অজানা খবর।

ববির চোখে আলিয়া কতটা ‘ভয়ঙ্কর’?
যশ রাজ ফিল্মসের বহু প্রতীক্ষিত স্পাই ইউনিভার্সের প্রথম নারী-কেন্দ্রিক ছবি ‘আলফা’ নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। সম্প্রতি শুটিং সেটের একটি ভিডিও নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ভিডিওতে আলিয়া ভাট এবং শর্বরীকে দুর্ধর্ষ অ্যাকশন দৃশ্যে দেখা গেছে। তবে মজার বিষয় হলো, আলিয়াকে দেখে নাকি বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন ববি দেওল! শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে ববি বলেন, “আলিয়াকে সামনে দেখলে বোঝা যায় সে কতটা ছোটখাটো। অ্যাকশন দৃশ্যে মারপিটের সময় আমার ভয় হচ্ছিল, হয়তো ওর চোট লেগে যাবে! কিন্তু ক্যামেরার সামনে ওর দক্ষতা ও আত্মবিশ্বাস দেখে আমি রীতিমতো অবাক। ও যে কতটা পেশাদার, তা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন।”

ক্লাসরুমে হাফপ্যান্ট পরেই বিপত্তি! কেন কলেজ ছাড়লেন আমির?
বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ আমির খানের জীবনের একটি মজার ঘটনা সম্প্রতি প্রকাশ্যে এনেছেন অভিনেতা বিন্দু দারা সিং। এক সাক্ষাৎকারে তিনি জানান, তাঁদের কলেজ জীবনে একবার প্রবল বৃষ্টির দিনে আমির ক্লাসে হাজির হয়েছিলেন হাফপ্যান্ট পরে। শিক্ষকের কড়া প্রশ্নের উত্তরে আমির সাফ জানিয়েছিলেন, বৃষ্টির ঝাপটায় প্যান্ট ভিজে যাবে, তাই এই পোশাকে আসাই সুবিধাজনক। এই অদ্ভুত ও সোজাসাপ্টা উত্তরের জন্য শিক্ষক তৎক্ষণাৎ তাঁকে ক্লাস থেকে বের করে দেন। বিন্দু দারা সিং-এর কথায়, ঠিক সেই ঘটনার পরেই আমির পড়াশোনায় ইতি টানার সিদ্ধান্ত নেন। এরপর তিনি সিনেমার জগতকে নিজের কর্মক্ষেত্র হিসেবে বেছে নেন এবং মনসুর আলি খানের সহকারী হিসেবে নতুন যাত্রা শুরু করেন। বাকিটা তো ইতিহাস।

বিচ্ছেদের পর রোম্যান্স হারিয়েছেন এশা?
দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ব্যবসায়ী ভরত তখতানির থেকে আলাদা হয়েছেন এশা দেওল। বিচ্ছেদের পর জীবন সম্পর্কে অভিনেত্রী নিজের মনের জানালা খুলেছেন এক সাক্ষাৎকারে। নিজেকে একজন ‘কমপ্লিট রম-কম’ বা রোম্যান্টিক কমেডির ভক্ত হিসেবে বর্ণনা করে এশা জানান, তিনি জীবন থেকে প্রেম এবং রোম্যান্সের আবেগটি এখন বেশ মিস করছেন। প্রেমের গল্প বা মন ভালো করা গান শুনলে এখন তাঁর কিছুটা মন খারাপ হয়। তবে এত কিছুর পরেও প্রেমের প্রতি তাঁর বিশ্বাস যে বিন্দুমাত্র কমেনি, তা স্পষ্ট করেছেন অভিনেত্রী। অতীতের তিক্ততা সরিয়ে সামনের দিনের অপেক্ষায় রয়েছেন তিনি।