ভারতীয় বক্স অফিসে সুনামি নিয়ে এল আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’। রণবীর সিং অভিনীত এই ছবিটি একের পর এক রেকর্ড ভেঙে এখন ভারতের চতুর্থ সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের শিরোপা দখল করেছে। মাত্র কয়েক সপ্তাহেই এসএস রাজামৌলির বিশ্বজয়ী ছবি ‘RRR’-এর ৭৮২ কোটির মাইলফলক পার করে গেল এই সিনেমা। বুধবার পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ছবিটির আয় দাঁড়িয়েছে ৭৮৬ কোটি টাকা (৯৪৩ কোটি গ্রস)।
বর্তমানে ‘ধুরন্ধর’-এর সামনে লক্ষ্য কেবল তিনটি— ‘পুষ্পা ২’, ‘বাহুবলী ২’ এবং ‘কেজিএফ ২’। জওহরলাল নেহরুর সময়ের এক দুর্ধর্ষ স্পাই থ্রিলারের প্রেক্ষাপটে তৈরি এই ছবি জওয়ান, স্ত্রী ২ এবং সাম্প্রতিক হিট ‘কান্তারা: চ্যাপ্টার ওয়ান’ ও ‘ছাবা’-কেও অনায়াসে পিছনে ফেলে দিয়েছে। যখন দক্ষিণী ছবি ভারতীয় বাজার দখল করে রেখেছিল, ঠিক তখনই আদিত্য ধর খেলা ঘুরিয়ে দিলেন। তবে সর্বভারতীয় স্তরে হিন্দি, তেলুগু ও কন্নড় ছবির এই দাপট দেখে প্রশ্ন উঠছে— টলিউড কেন আজও ২৫ কোটির গণ্ডি পেরোতে হিমশিম খাচ্ছে? বাংলা সিনেমার এই পিছিয়ে পড়া নিয়ে এখন নতুন করে চর্চা শুরু হয়েছে চলচ্চিত্র মহলে।