বক্সঅফিসের সমস্ত রেকর্ড চুরমার করে সাফল্যের শিখরে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। পরিচালক আদিত্য ধরের এই স্পাই থ্রিলার এখন বিশ্বজুড়ে চর্চার কেন্দ্রবিন্দুতে। সেই উন্মাদনায় এবার গা ভাসালেন খোদ ‘পাওয়ার কাপল’ বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। সম্প্রতি সিনেমাটি দেখার পর সোশ্যাল মিডিয়ায় নিজেদের মুগ্ধতার কথা শেয়ার করেছেন এই তারকা দম্পতি, যা মুহূর্তেই ভাইরাল হয়েছে।
অনুষ্কা শর্মা ইনস্টাগ্রামে আদিত্য ধরের সাহসিকতার প্রশংসা করে লিখেছেন, “প্রায় চার ঘণ্টার একটি সিনেমাকে এভাবে টানটান উত্তেজনায় বেঁধে রাখা অসামান্য দক্ষতার কাজ। রণবীর সিং থেকে আর মাধবন, অর্জুন রামপাল—প্রত্যেকের অভিনয় অনবদ্য।” অন্যদিকে, ক্রিকেট আইকন বিরাট কোহলি জানিয়েছেন, ভারতীয় সিনেমায় এমন অভিজ্ঞতা তাঁর আগে কখনও হয়নি। বিরাটের মতে, চার ঘণ্টা একভাবে বসিয়ে রাখার ক্ষমতা একমাত্র এক ‘জিনিয়াস’ পরিচালকেরই থাকে। রণবীরের অভিনয়কে ‘অসাধারণের ঊর্ধ্বে’ বলে দরাজ সার্টিফিকেট দিয়েছেন কিং কোহলি।
প্রিয় ক্রিকেটারের থেকে এমন প্রশংসা পেয়ে আপ্লুত পরিচালক আদিত্য ধরও। বিরাটকে ‘প্রজন্মের সেরা কিংবদন্তি’ আখ্যা দিয়ে তিনি জানান, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকেই তিনি বিরাটের ভক্ত, তাই তাঁর এই বার্তা অত্যন্ত স্পেশাল। উল্লেখ্য, গত ১৯ মার্চ মুক্তি পাওয়া ‘ধুরন্ধর ২’ বিশ্বব্যাপী ১৬০০ কোটি টাকারও বেশি আয় করেছে। শুধু তাই নয়, এটিই প্রথম বলিউড সিনেমা যা দেশের অভ্যন্তরীণ বাজারে ১০০০ কোটি টাকার নিট কালেকশনের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল।





