অবশেষে অপেক্ষার অবসান! অক্ষয় কুমারের বহুল প্রতীক্ষিত হরর-কমেডি ছবি ‘ভূত বাংলা’র ট্রেলার মুক্তি পেতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। ট্রেলার দেখে স্পষ্ট যে, ফের একবার ‘ভুল ভুলাইয়া’, ‘ভাগম ভাগ’ বা ‘হেরা ফেরি’র সেই নস্টালজিয়া ফিরে আসতে চলেছে বড়পর্দায়।
ট্রেলারের শুরুতেই দেখা যাচ্ছে, অক্ষয় উত্তরাধিকার সূত্রে একটি বাংলো পেয়েছেন, যার ঠিক পেছনেই রয়েছে এক অভিশপ্ত জঙ্গল— ‘পিশাচ ভ্যান’। সেই ভৌতিক বাংলোতেই অক্ষয় ঘর বাঁধার ও বিয়ে করার পরিকল্পনা করেন, কিন্তু সেখানে ‘বধাসুর’ নামের এক অশুভ শক্তি তাঁর পিছু ছাড়ে না। একদিকে হাড়হিম করা ভূতের দৃশ্য, অন্যদিকে পরেশ রাওয়াল, রাজপাল যাদব এবং আসরানিদের নিখুঁত কমেডি টাইমিং— সব মিলিয়ে ট্রেলারটি টানটান উত্তেজনায় ভরপুর। ছবিতে অক্ষয়ের বিপরীতে থাকছেন ওয়ামিকা গাব্বি এবং মিথিলা পালকার। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টাব্বু-কেও। চলতি মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে একরাশ হাসি আর ভূতের ভয়ের এই ককটেল।





