যিনি আজীবন নিজেকে নাস্তিক হিসেবে পরিচয় দিয়ে এসেছেন, সেই প্রবীণ গীতিকার জাভেদ আখতারকেই এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর মাধ্যমে ‘ধর্মপ্রাণ’ সাজানোর চেষ্টা হলো। সম্প্রতি একটি ডিপফেক ভিডিওতে দেখা যায়, জাভেদ আখতার ফেজ টুপি পরে চোখে সুরমা লাগিয়ে মসজিদে নমাজ পড়তে যাচ্ছেন। ভিডিওটি ভাইরাল হতেই নেটপাড়ায় শোরগোল পড়ে যায়।
বিস্ফোরক প্রতিক্রিয়া জাভেদের: এই ভিডিও দেখে চরম বিরক্তি প্রকাশ করেছেন জাভেদ আখতার। এক্স (টুইটার) হ্যান্ডেলে তিনি একে ‘আবর্জনা’ বলে আখ্যা দিয়ে লেখেন, “একটি ভুয়ো ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে আমি নাকি আল্লাহর শরণাপন্ন হয়েছি। এটি সম্পূর্ণ মিথ্যা। আমি সাইবার সেলে অভিযোগ জানিয়েছি এবং আদালতে মামলাও করেছি।”
বির্তকের সূত্রপাত: গত ডিসেম্বরে মুফতি নদবীর সঙ্গে এক তর্কে জাভেদ আখতার ঈশ্বরের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। গাজায় শিশুদের মৃত্যু প্রসঙ্গে তিনি বলেছিলেন, “ঈশ্বর যদি সর্বশক্তিমান হন, তবে গাজায় শিশুদের ছিন্নভিন্ন দেহ দেখেও তিনি নিশ্চুপ কেন? এর চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনেক ভালো, কারণ তিনি অন্তত খেয়াল রাখেন।” সেই তর্কের রেশ টেনেই অতি-উৎসাহীরা AI ব্যবহার করে তাঁর এই বিকৃত ভিডিও তৈরি করেছে বলে মনে করা হচ্ছে।