দাদাগিরির মসনদে এবার দেব! অরিজিৎকে সরিয়ে নতুন গানে কার বাজিমাত?

টলিউডের অন্দরমহলে এখন একটাই আলোচনা— ‘দাদাগিরি’। এতদিন এই রিয়্যালিটি শো মানেই ছিল সৌরভ গাঙ্গুলীর দাপট আর অরিজিৎ সিং-এর কন্ঠে আইকনিক টাইটেল ট্র্যাক। কিন্তু এবার সব সমীকরণ বদলে গেল। জি বাংলার এই জনপ্রিয় রিয়্যালিটি শো-এর নতুন সিজনে সঞ্চালনার ব্যাটন উঠল টলিউডের মেগাস্টার দেবের হাতে। এই পরিবর্তনের সাথে সাথেই বদলে গেল শো-এর সিগনেচার টিউনও। এবার টাইটেল ট্র্যাকে শোনা যাচ্ছে তরুণ গায়ক ঈশান মিত্রর কন্ঠ।
নতুন এই দায়িত্ব পাওয়া প্রসঙ্গে ঈশান জানান, পরিচালক অভিজিৎ সেনের কাছ থেকেই এই সুযোগের কথা জানতে পারেন তিনি। ঈশান বলেন, “দেবদার সাথে বহু কাজ করেছি, তাই এই নতুন দাদাগিরিতে অংশ নিতে পারাটা আমার কাছে অত্যন্ত আনন্দের।” অরিজিৎ সিং-এর কন্ঠে অভ্যস্ত দর্শকদের মন জয় করা যে চ্যালেঞ্জের, তা স্বীকার করে নিয়েছেন ঈশান। তাঁর সংযোজন, “গানটি তৈরি করার সময় খেয়াল রেখেছি যাতে তা খুব বেশি অচেনা না ঠেকে। আমি আমার সাধ্যমতো নতুনত্ব আনার চেষ্টা করেছি, আশা করি দর্শক এই নতুন সূচনাকে সাদরে গ্রহণ করবেন।”
নতুন সিজনের প্রোমোটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। প্রোমোর গল্পে দেখা যায়, ঘুমের ঘোরে দাদাগিরি সঞ্চালনার স্বপ্ন দেখছেন দেব। ঘুম ভেঙে আতঙ্কিত দেবের মনে হচ্ছে, মহারাজা সৌরভ গাঙ্গুলীর সাথে তাঁর তুলনা চলে না! কিন্তু পরিস্থিতি এমন দাঁড়ায় যে, ঘরের পরিচারিকা থেকে শুরু করে গাড়ির ড্রাইভার— সকলেই তাঁকে এই প্রস্তাব গ্রহণ করতে চাপ দিতে থাকেন। দ্বিধাদ্বন্দ্বে থাকা দেবের পাশে দাঁড়ান ইন্ডাস্ট্রির বন্ধু যিশু সেনগুপ্ত ও আবির চ্যাটার্জি। তাঁদের অনুপ্রেরণায় দেব উপলব্ধি করেন, নিজের জগতে তিনিও একজন ‘দাদা’। মনোবল ফিরে পেয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেন অভিনেতা।
এই প্রোমো প্রকাশ্যে আসার পরই দেব-ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় চলছে লাইক ও শেয়ারের বন্যা। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেছে নতুন সিজনের অডিশন প্রক্রিয়া। পুরনো নস্টালজিয়া আর নতুন এনার্জির মিশ্রণে ‘দাদাগিরি’ কতটা দাপট দেখাতে পারে, সেটাই এখন দেখার অপেক্ষা। সব মিলিয়ে, নতুন সিজন যে টিআরপি তালিকার শীর্ষে থাকার জন্য তৈরি, তা আর বলার অপেক্ষা রাখে না।