তাপসী পান্নুর বড় বোমা! পুরুষতান্ত্রিক বলিউডের দ্বিচারিতা ফাঁস করতেই নড়েচড়ে বসল ইন্ডাস্ট্রি!

তাপসী পান্নু বরাবরই নিজের মনের কথা স্পষ্ট ভাষায় বলতে ভালোবাসেন। এবারও বলিউড ইন্ডাস্ট্রির চেনা দ্বিচারিতার গালে যেন সপাটে একটা চড় মারলেন এই প্রতিভাবান অভিনেত্রী। তাঁর সাফ কথা, পুরুষপ্রধান ছবিগুলোতে দুর্বল গল্প থাকলেও দর্শক হাততালি দিয়ে হল ভরিয়ে দেন, কিন্তু পর্দায় কোনও মেয়ে অ্যাকশন করতে এলেই শুরু হয়ে যায় আতশকাচ দিয়ে ভুল ধরার পালা!

‘বেবি’ এবং ‘নাম শাবানা’-র প্রায় দশ বছর পর আবার পুরোদস্তুর অ্যাকশন লুকে বড় পর্দায় বা ওটিটিতে ফিরছেন তাপসী। আগামী ৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে আসছে তাঁর নতুন ছবি ‘গান্ধারী’। তবে ছবি মুক্তির ঠিক আগেই ইন্ডাস্ট্রির অন্দরের কঠিন ছবিটা তুলে ধরেছেন তিনি। বড় পর্দায় নারীকেন্দ্রিক অ্যাকশন ছবির আকাল কেন, সেই প্রসঙ্গে মুখ খুলে বোমা ফাটালেন অভিনেত্রী।

কী বলেছেন অভিনেত্রী? তাপসীর কথায়, বড় পর্দা ও ওটিটি উভয় জায়গাতেই তিনি অ্যাকশন করেছেন। প্রথম কথা, অ্যাকশন ছবি বানাতে বিপুল খরচ হয়। এটা কোনো গোপন বিষয় নয় যে, মেয়েদের ছবির পেছনে অনেক কম টাকা ঢালা হয়। বেশিরভাগ প্রযোজকই বেশি টাকা লাগাতে চান না, কারণ দর্শক এই ছবিগুলো দেখতেই চান না। তাঁদের আগ্রহ নেই এবং এটা বারবার পরীক্ষা করে প্রমাণিত হয়ে গিয়েছে। তিনি আরও জানান, পুরুষ তারকাদের ছবির মতো এই ছবিগুলোর দর্শক হয় না। আর ঠিক সে কারণেই নির্মাতাদের হাত থাকে বাঁধা। তাপসী যোগ করেন, এখানে তাঁদের কোনো ভুল করার উপায় নেই। কোনো ভুল তাঁরা করতেই পারেন না।

সাম্প্রতিক সময়ের পুরুষদের অ্যাকশন ছবির সঙ্গে নিজের ক্ষোভের তুলনা টেনে তিনি বলেন, কারো নাম নিতে চান না, তবে নারীকেন্দ্রিক অ্যাকশনের সঙ্গে ইদানীং মুক্তি পাওয়া ছেলেদের অ্যাকশন ছবিগুলো মিলিয়ে দেখলে কী পাওয়া যাবে? সেই একঘেয়ে মাঝারি মানের গল্প, শুধু চোখধাঁধানো গ্ল্যামার, চকচকে অ্যাকশন আর দামি সব জাঁকজমক! অথচ এই ছবিগুলোই বক্স অফিসে কোটি কোটি টাকা তোলে। লোকে গল্পের তোয়াক্কাই করে না। আগে থেকেই বোঝা যায় এরপর কী হবে, তাও মানুষ দেখে এবং একে ‘পয়সা উসুল এন্টারটেইনার’ বলে দেগে দেয়।

অথচ একই দর্শক মেয়েদের অ্যাকশন ছবির বেলায় বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ। তাপসী বলেন, মেয়েরা করলেই মানুষ বলে ওঠেন, ধুর, কী বাজে গল্প! হঠাৎ করে পুরো ফোকাসটাই চলে যায় গল্পের ওপরে। মেয়েদের অ্যাকশন ছবি চালাতে গেলে গল্প, অভিনয়, মারপিট, সবকিছুকে একশোতে একশো হতে হবে। উনিশ-বিশ হলে চলবে না। সবার থেকে সেরা হতেই হবে। একটু থেমে তিনি যোগ করেন, ব্যাপারীটা যেন এমন, এক তো তোমাকে কম টাকা দিয়েছি, তার ওপর তুমি ভুল করছ! দলের কারও ওপর এমন মানসিক চাপ কেউ দিতে চায় না। কিন্তু ছেলেদের অ্যাকশন ছবি হলে যেন সাত খুন মাফ।

আর এই কারণেই প্রেক্ষাগৃহের ঝক্কি এড়িয়ে ওটিটি-তে ‘গান্ধারী’ নিয়ে আসতে পেরে হাঁফ ছেড়ে বেঁচেছেন তাপসী। তাঁর বক্তব্য, তাঁরা কৃতজ্ঞ যে অন্তত ওটিটি-র জন্য হলেও ‘গান্ধারী’ বানাতে পেরেছেন। ‘গান্ধারী’-র বাজেট কিন্তু তাঁর আগের ‘মনমর্জিয়া’ বা ‘হসিন দিলরুবা’-র থেকেও বেশি। কারণ খাতায়-কলমে তাঁরা বেশি টাকা পেয়েছেন। আর ওটিটি-তে সিনেমা হলের মতো টাকা তোলার টেনশন থাকে না। আগামী ৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ছবি ‘গান্ধারী’। এই ছবিতে তাপসী পান্নু ছাড়াও দেখা যাবে ইশওয়াক সিং, ছায়া কদম, মিতা বশিষ্ট এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো দক্ষ সব অভিনেতা-অভিনেত্রীদের।