দেব-শুভশ্রীর পর এ বার রাজ-মিমিও, পর্দায় ফিরছে আরও এক হাই-ভোল্টেজ প্রাক্তনী জুটি

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একসময়ের চর্চিত প্রাক্তনী জুটি রাজ চক্রবর্তী ও মিমি চক্রবর্তীকে ঘিরে ফের শুরু হয়েছে জোর গুঞ্জন। ব্যক্তিগত জীবনের নানা সমীকরণ ও বিচ্ছেদের দীর্ঘ ১১ বছর পর ফের একবার পরিচালকের প্রযোজনা সংস্থায় কাজ করতে চলেছেন মিমি। দেব-শুভশ্রীর কামব্যাক নিয়ে উত্তেজনার মধ্যেই প্রাক্তন জুটির এই পুনর্মিলন টলিপাড়ার পারদ আরও অনেকটাই বাড়িয়ে দিয়েছে।

সূত্রের খবর, দীর্ঘ বিরতি এবং যাবতীয় মান-অভিমান ভুলে রাজ চক্রবর্তীর প্রোডাকশন হাউসের একটি প্রজেক্টে কাজ করতে সম্মতি জানিয়েছেন মিমি চক্রবর্তী। ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভের (ZEE5)-এর জন্য পরিচালক অয়ন চক্রবর্তীর পরিচালনায় রাজ এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স-এর ব্যানারে তৈরি হতে চলা নতুন এই ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে মিমিকে। নায়িকার টিমের পক্ষ থেকেও এই খবর পাকা করা হয়েছে। সব ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষ থেকেই শুরু হতে পারে শুটিং।

একসময়ে ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’ কিংবা ‘যোদ্ধা’-র মতো হিট ছবি উপহার দেওয়া এই জুটির প্রেম ও ব্রেকআপের গল্প একসময় টলিপাড়ার অন্যতম আলোচিত বিষয় ছিল। পরবর্তীতে রাজের সঙ্গে বিচ্ছেদ এবং শুভশ্রীর সঙ্গে তাঁর বিবাহিত জীবন—সব মিলিয়ে রাজ ও মিমির পথ সম্পূর্ণ আলাদা হয়ে যায়। তবে পেশাদারিত্ব বজায় রেখে একে অপরের সঙ্গে ভবিষ্যতে কাজ করার ইচ্ছার কথা দুজনেই অতীতে প্রকাশ করেছিলেন। সম্প্রতি মিমির সঙ্গে রাজের এই পেশাদার সম্পর্কের প্রত্যাবর্তন দর্শকদের মনে ফের পুরোনো নস্ট্যালজিয়া উসকে দিয়েছে। সবমিলিয়ে, দেব-শুভশ্রীর পাশাপাশি রাজ-মিমির এই অনস্ক্রিন কামব্যাক বক্স অফিস ও ওটিটি দুনিয়ায় কতটা ঝড় তোলে, সেটাই এখন দেখার।