বলিউডের আইকনিক ‘ডন’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে উত্তেজনা নতুন নয়। অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানের পর রণবীর সিংকে নতুন ডন হিসেবে ঘোষণা করা হলেও, সেই প্রকল্প এখন বিশ বাঁও জলে। ‘ডন ৩’ থেকে রণবীরের বিচ্ছেদ এখন আর কেবল গুঞ্জন নয়, বরং তা পরিণত হয়েছে এক বড়সড় আইনি ও পেশাদার জটিলতায়। এই টালমাটাল পরিস্থিতিতে রণবীর সিং এবং এক্সেল এন্টারটেইনমেন্টের মধ্যে সম্পর্কের অবনতি চরম আকার ধারণ করেছে।
জানা গেছে, গত মার্চ মাসের প্রথম সপ্তাহে এক্সেল এন্টারটেইনমেন্টের কর্ণধার ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির সঙ্গে রণবীরের টিম এক গোপন বৈঠকে বসেছিল। ডন ৩ থেকে সরে দাঁড়ানোয় প্রযোজনা সংস্থার যে বিপুল আর্থিক ক্ষতি হয়েছে, তা পূরণ করার উদ্যোগ নিয়েছিলেন রণবীর। ড্যামেজ কন্ট্রোল করতে রণবীরের টিম ১০ কোটি টাকা নগদ এবং ভবিষ্যতে এক্সেলের কোনো ছবিতে কাজ করলে নিজের পারিশ্রমিক থেকে ২৫ কোটি টাকা ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছিল। সব মিলিয়ে ৩৫ কোটি টাকার এই লোভনীয় প্যাকেজের মাধ্যমে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন অভিনেতা।
তবে ফারহান এবং রিতেশ নিজেদের সিদ্ধান্তে অনড়। গত দু’বছর ধরে রণবীরের শুটিং শিডিউল নিয়ে টালবাহানা, স্ক্রিপ্ট বদলের দাবি এবং পেশাদার অনিশ্চয়তায় ক্লান্ত প্রযোজকদ্বয় রণবীরের এই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন। এক্সেল এন্টারটেইনমেন্টের স্পষ্ট বক্তব্য, ভবিষ্যতের কোনো প্রতিশ্রুতির চেয়ে তাৎক্ষণিক ক্ষতিপূরণই তাদের অগ্রাধিকার।
সূত্রের খবর, এই মতপার্থক্যের মূলে রয়েছে সৃজনশীল দ্বন্দ্ব। রণবীর ডন চরিত্রটিকে আরও উগ্র, হিংস্র এবং গালিগালাজপূর্ণ এক অন্ধকার জগতের চরিত্র হিসেবে দেখাতে চেয়েছিলেন। অন্যদিকে, ফারহান আখতার ডনের সেই চিরচেনা আভিজাত্য ও নিজস্ব আভিজাত্যপূর্ণ স্টাইল বজায় রাখার পক্ষে ছিলেন। এই সৃজনশীল সংঘাতই শেষ পর্যন্ত বিচ্ছেদের পথ প্রশস্ত করে।
পরিস্থিতি আরও জটিল হয়েছে যখন এক্সেল এন্টারটেইনমেন্ট রণবীরের কাছে ৪৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে। রণবীর সেই দাবি মানতে অস্বীকার করায় বিষয়টি ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ (FWICE)-এর দরবারে পৌঁছায়। এই ঘটনায় ২৬ মে ফেডারেশন রণবীর সিংয়ের বিরুদ্ধে ‘অসহযোগিতা’-র ফতোয়া জারি করেছে। এর ফলে ফেডারেশনের আওতাভুক্ত কোনো কর্মী এখন রণবীরের সঙ্গে শুটিংয়ে অংশ নিতে পারবেন না। বলিউডের অন্দরে এটি রণবীরের ক্যারিয়ারের জন্য এক বিশাল ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। এই কঠিন পরিস্থিতি থেকে অভিনেতা কীভাবে বেরিয়ে আসেন, তা এখন সময়ের অপেক্ষা।





