জুবিন গর্গের অজানা সুর নিয়ে আসছে ‘লাভ ইউ জুবিনদা’! বড় পর্দায় নতুন চমক

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র জুবিন গর্গ। তাঁর সুর আর গায়কী কোটি মানুষের হৃদস্পন্দন। এবার এই কিংবদন্তি শিল্পীকে ঘিরেই তৈরি হচ্ছে এক আবেগঘন মিউজিক্যাল ড্রামা—‘লাভ ইউ জুবিনদা’। সংগীত পরিচালক ও পরিচালক শ্রী প্রীতমের হাত ধরে তৈরি এই ছবিটি শুধু একটি সিনেমা নয়, বরং জুবিন গর্গের প্রতি এক নিখাদ শ্রদ্ধার্ঘ্য। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন এমডি ফারুক উদ্দিন।

ছবির মূল উপজীব্য বিশাল নামের এক সংগ্রামী গায়কের জীবনকাহিনি। ছোটবেলা থেকেই জুবিন গর্গ বিশাল-এর জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। বহু বাধা আর প্রতিকূলতা পেরিয়ে প্রিয় শিল্পীর সাথে দেখা করার স্বপ্ন বুনে চলে সে। কিন্তু সাফল্যের ঠিক দ্বারপ্রান্তে পৌঁছেই জীবনের এক চরম সংকটের মুখে পড়ে বিশাল। একদিকে শৈশবের লালিত স্বপ্ন, অন্যদিকে বাস্তবের কঠিন লড়াই—এই দোটানাই ছবির কাহিনিকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে।

এই ছবির অন্যতম মূল আকর্ষণ হলো জুবিন গর্গের দুটি অপ্রকাশিত গান। প্রথমবারের মতো এই ছবির মাধ্যমে গান দুটি শ্রোতাদের সামনে আসবে। পরিচালক শ্রী প্রীতম জানান, “২০১১ সাল থেকে জুবিনদার সঙ্গে কাজ করার সুবাদে তাঁকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। সেই অভিজ্ঞতা আর ভালোবাসা থেকেই এই ছবির সৃষ্টি। জুবিনদার স্ত্রী গরিমা গর্গের অনুমোদনে এই প্রকল্পটি আলোর মুখ দেখছে।”

ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটছে বর্ষা সেনগুপ্তর। তিনি বলেন, “জুবিনদার স্নেহ ও ভালোবাসা আমার কাছে অমূল্য। ছবির চিত্রনাট্য তৈরির প্রতিটি ধাপের সাক্ষী ছিলাম, আজ নায়িকার ভূমিকায় অভিনয় করতে পারা আমার কাছে বড় প্রাপ্তি।” নায়ক ইকবাল রহিমি বলেন, “জুবিন গর্গ শুধুই এক শিল্পী নন, তিনি লক্ষ মানুষের অনুপ্রেরণা। তাঁর মতো আইকনের নামের সঙ্গে যুক্ত থাকা পরম সৌভাগ্যের।”

ছবিতে আরও দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, গীতাবলী রাজকুমারী, অভিজিৎ গুহ, পার্থপ্রতিম গোস্বামী ও ভায়োলিনা বরদলৈয়ের মতো জনপ্রিয় শিল্পীদের। শীঘ্রই গুয়াহাটিতে গরিমা গর্গের উপস্থিতিতে ছবিটির পোস্টার লঞ্চ করা হবে। সংগীতের জাদুকরকে কেন্দ্র করে এই নতুন মিউজিক্যাল ড্রামাটি দর্শক মনে কতটা জায়গা করে নেয়, সেটাই এখন দেখার বিষয়।