টলিউড অভিনেতা জিতু কামাল ও ‘এরাও মানুষ’ ছবির নির্মাতাদের মধ্যকার বিবাদ এবার চরম আকার ধারণ করল। শুটিং সেটে দুর্ব্যবহার, পারিশ্রমিক নিয়ে বিতর্ক এবং চুক্তি বাতিলের পাল্টা জবাবে নির্মাতাদের বিরুদ্ধে ১ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন অভিনেতা। আইনজীবী অয়ন চক্রবর্তীর মাধ্যমে এই আইনি লড়াই শুরু করেছেন তিনি।
জিতুর অভিযোগ, শুটিংয়ের শেষ দিনে তাঁকে শারীরিকভাবে হেনস্তা ও মৌখিক হুমকি দেওয়া হয়েছে। তিনি জানান, ধুলোবালি ও প্রতিকূল পরিবেশের কারণে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও নির্মাতারা তা বিশ্বাস করেননি। উল্টো তাঁকে ‘হারামের টাকা’ ও ‘মেরে ঠান্ডা করে দেওয়ার’ মতো হুমকি দেওয়া হয়েছে। জিতু বলেন, “অমিত তালুকদার নামে এক ব্যক্তি প্রভাবশালী ব্যক্তিদের নাম করে আমাকে ভয় দেখিয়েছেন। আমার কাছে গালিগালাজ ও হুমকির ভিডিও ফুটেজ আছে।”
অন্যদিকে, নির্মাতাদের দাবি ছিল জিতু সেটে দুর্ব্যবহার করেছেন এবং অতিরিক্ত পারিশ্রমিক চেয়েছেন। এমনকি শুটিং বন্ধ করে তিনি বেরিয়ে গেছেন বলেও অভিযোগ ওঠে। এই প্রেক্ষাপটে জিতু স্পষ্ট জানান, পরিবেশ অসহনীয় হয়ে ওঠায় তিনি আর্টিস্ট ফোরামকে জানিয়েই সেট ছেড়েছেন। শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত ও সাই প্রকাশ লাহিড়ি পরিচালিত এই ছবির ভবিষ্যৎ এখন আইনি গোলকধাঁধায়।