“কেউ পাশে নেই, আমি নিঃস্ব!” তিহার জেলে আত্মসমর্পণের আগে কান্নায় ভেঙে পড়লেন রাজপাল যাদব

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান রাজপাল যাদবের হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা দীর্ঘদিনের আইনি লড়াইয়ের এক মর্মান্তিক অবসান ঘটল। ২.৫ কোটি টাকার চেক বাউন্স মামলায় শেষ রক্ষা হলো না তাঁর। দিল্লি হাইকোর্টের কড়া নির্দেশের পর অবশেষে দিল্লির তিহার জেলে আত্মসমর্পণ করলেন অভিনেতা।

২০১০ সালে নিজের পরিচালিত ছবি ‘আতা পাতা লাপাতা’-র জন্য মুরালি প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন রাজপাল। কিন্তু ছবিটির বক্স অফিসে ভরাডুবি অভিনেতাকে চরম আর্থিক সংকটে ফেলে দেয়। ঋণের টাকা শোধ করতে না পারায় তাঁর দেওয়া একাধিক চেক বাউন্স হয়, যা আদালত পর্যন্ত গড়ায়। সময়ের সাথে সাথে সুদে-আসলে সেই বকেয়া বেড়ে প্রায় ৯ কোটি টাকায় পৌঁছায়। ২০১৮ সালে আদালত তাঁকে ৬ মাসের কারাদণ্ড দিলেও বারবার আপিলের মাধ্যমে তিনি সময় চেয়ে নিয়েছেন। তবে ২০২৬ সালের ৪ ফেব্রুয়ারি বিচারপতি স্বর্ণা কান্তা শর্মা অভিনেতার শেষ আবেদনটি খারিজ করে দেন। আদালত সাফ জানায়, জনপ্রিয় ব্যক্তি হলেও আইনের ঊর্ধ্বে কেউ নন।

আত্মসমর্পণের ঠিক আগে কান্নায় ভেঙে পড়েন অভিনেতা। অত্যন্ত আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, “স্যার, আমার কাছে আর কোনো টাকা নেই। এখন আর কোনো উপায় দেখছি না। এই সংকটে আমরা সবাই একা, কেউ পাশে নেই।” এই আত্মসমর্পণের মাধ্যমে এক দশকেরও বেশি সময় ধরে চলা আইনি বিতর্কের যবনিকা পড়ল, তবে পর্দার আড়ালে এক অভিনেতার একাকীত্বের আর্তনাদ নাড়িয়ে দিয়েছে বি-টাউনকে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy