এশিয়ান গেমসের দল থেকে বাদ মনিকা বাত্রা! টিটিএফআই-এর বিরুদ্ধে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি তারকার!

এশিয়ান গেমস ২০২৬-এর জন্য ঘোষিত ভারতীয় টেবল টেনিস দল থেকে বাদ পড়ার পরেই সরব হলেন দেশের তারকা প্যাডলার মনিকা বাত্রা। দল থেকে বাদ পড়ার এই সিদ্ধান্তকে সম্পূর্ণ ‘বিধিবহির্ভূত’ আখ্যা দিয়ে টেবল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়ার (TTFI) বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ৩১ বছর বয়সী এই তারকা খেলোয়াড়। ফেডারেশনের ঘোষণার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক ও ক্রীড়ামহলে বিতর্ক।

ঘটনার সূত্রপাত টিটিএফআই কর্তৃক ঘোষিত ১০ জনের এশিয়ান গেমস দল নিয়ে। ঘোষিত সেই তালিকায় মনিকা বাত্রার নাম নেই। ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এশিয়ান গেমসের দলে জায়গা পাওয়ার জন্য জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক ছিল। মনিকা সেই শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছেন, তাই তাঁকে বাদ দেওয়া হয়েছে। এই কারণ দর্শানোয় যারপরনাই ক্ষুব্ধ মনিকা। তিনি পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, যেভাবে তাঁকে বাদ দেওয়া হয়েছে, তা নিয়ম মেনে হয়নি।

নিজের দাবির স্বপক্ষে সরব হয়ে মনিকা বাত্রা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর হস্তক্ষেপ দাবি করেছেন। তবে তিনি স্পষ্ট করেছেন যে, তিনি কোনো ‘বিশেষ সুবিধা’ বা ‘ফেভার’ চাইছেন না। তাঁর কথায়, “গত কয়েকদিন ধরে অনেক জায়গায় রটেছে যে আমি দলে জায়গা পাওয়ার জন্য বিশেষ সুপারিশ বা সুবিধা চাইছি। আমি পরিষ্কার জানিয়ে দিতে চাই, আমি দলে ঢোকার জন্য কোনো তদবির করছি না, ফেডারেশনের দল নির্বাচনের সিদ্ধান্ত বদল করার দাবিও জানাচ্ছি না। আমি শুধু চাই, আমার বাদ পড়ার পেছনে একটি স্পষ্ট ও যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেওয়া হোক। একজন খেলোয়াড় হিসেবে এইটুকু স্বচ্ছতা পাওয়ার অধিকার আমার আছে।”

নিজের অবস্থান সম্পর্কে মনিকা আরও দৃঢ়। আইনজীবীদের সঙ্গে তিনি প্রাথমিক আলোচনা সেরে ফেলেছেন বলে জানা গেছে। তিনি জানিয়েছেন, “আমি আশা করছি ফেডারেশন আগামী কয়েকদিনের মধ্যে আমার বাদ পড়ার কারণ নিয়ে একটি সন্তোষজনক ও যুক্তিসঙ্গত ব্যাখ্যা প্রদান করবে। কিন্তু যদি সেই জবাব আমাকে হতাশ করে, তবে আইনি পরামর্শ নেওয়া ছাড়া আমার কাছে আর কোনো বিকল্প থাকবে না।”

মনিকার এই ক্ষোভ ক্রীড়ামহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একদিকে ফেডারেশন যেখানে তাদের ‘কঠোর শৃঙ্খলা’ ও ‘শর্তাবলী’-র কথা তুলে ধরেছে, অন্যদিকে মনিকা বাত্রার মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত তারকার এই আর্তনাদ এক বড় ধরনের জটিলতা তৈরি করেছে। এখন দেখার বিষয়, ফেডারেশন কোনো স্পষ্ট ব্যাখ্যার মাধ্যমে বিষয়টির মিমাংসা করে, নাকি বিষয়টি সত্যিই আদালত পর্যন্ত গড়ায়। পুরো ক্রীড়াজগৎ তাকিয়ে রয়েছে টিটিএফআই এবং কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়ের পরবর্তী পদক্ষেপের দিকে।