ভারতীয় সংগীত জগতের জীবন্ত কিংবদন্তি এ আর রহমান এবার ধরা দিতে চলেছেন এক সম্পূর্ণ নতুন অবতারে। কয়েক দশক ধরে সুরের মূর্ছনায় বিশ্ববাসীকে মাতানোর পর এবার রুপোলি পর্দায় অভিনেতা হিসেবে অভিষেক হতে চলেছে তাঁর। তামিল ছবি ‘মুনওয়াক’ (Moon Walk)-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অস্কারজয়ী এই সংগীত পরিচালক।
এই ছবিতে রহমানের উপস্থিতির নেপথ্যে রয়েছে তাঁর দীর্ঘদিনের বন্ধু তথা ভারতের ‘ডান্সিং কিং’ প্রভুদেবা। এই ছবির নায়ক প্রভুদেবা নিজেই। মনোজ এনএস পরিচালিত এই নৃত্য-ভিত্তিক কমেডি সিনেমায় এ আর রহমানকে একজন ‘রাগী চলচ্চিত্র পরিচালকের’ ভূমিকায় দেখা যাবে। মজার বিষয় হলো, ছবিতে তাঁর চরিত্রের নামও রাখা হয়েছে ‘এ আর রহমান’। অভিনয়ের পাশাপাশি এই ছবির আরও একটি বিশেষত্ব হলো, সিনেমার পাঁচটি গানই গেয়েছেন রহমান নিজে। ইতিপূর্বে কোনো একটি গোটা অ্যালবামের সব কটি গান তাঁর কণ্ঠে শোনা যায়নি।
বর্তমানে রহমান ‘রামায়ণ’-সহ প্রায় ১৫টিরও বেশি ছবির সংগীত নিয়ে ব্যস্ত থাকলেও, অভিনয়ের অভিজ্ঞতা তিনি দারুণ উপভোগ করছেন বলে জানিয়েছেন। শুটিংও প্রায় শেষের পথে। সংগীতের গণ্ডি ছাড়িয়ে রহমানের এই অভিনয়ে পদার্পণ তাঁর অগুনতি ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উত্তেজনার সৃষ্টি করেছে।