বলিউডের আকাশে এখন বড়সড় অশান্তির মেঘ। ফারহান আখতারের বহু প্রতীক্ষিত ছবি ‘ডন ৩’ থেকে হঠাৎ রণবীর সিংয়ের সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে কেন্দ্র করে উত্তাল সিনে-মহল। এই ঘটনাকে কেন্দ্র করে রণবীর সিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)। সোমবার, ২৫ মে, এক জরুরি সাংবাদিক সম্মেলনে ফেডারেশনের শীর্ষ কর্তারা অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে ‘অসহযোগিতার নির্দেশ’ জারি করার কথা ঘোষণা করেন।
ফেডারেশনের প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত, সভাপতি বীরেন্দ্র নাথ তিওয়ারি এবং সাধারণ সম্পাদক অশোক দুবে জানান, ফারহান আখতার এবং রীতেশ সিধওয়ানির প্রযোজনা সংস্থা ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’ রণবীরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিল। অভিযোগ অনুযায়ী, শুটিং শুরু হওয়ার মাত্র তিন সপ্তাহ আগে অভিনেতা হুট করে প্রকল্পটি থেকে বেরিয়ে যাওয়ায় প্রযোজকদের বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। জানা গেছে, এক্সেল এন্টারটেইনমেন্ট রণবীরের কাছে ৪৫ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছে।
ফেডারেশনের সভাপতি বিএন তিওয়ারি ক্ষোভের সুরে জানান, রণবীরকে বারবার আলোচনায় বসার অনুরোধ জানানো হলেও তিনি তা এড়িয়ে গিয়েছেন। এমনকি ইমেলের মাধ্যমে তিনি জানিয়েছেন বিষয়টি তাঁর এক্তিয়ারভুক্ত নয়। এই অবজ্ঞার কারণেই ফেডারেশন এখন রণবীরের সঙ্গে অসহযোগিতার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ, এখন থেকে কোনো স্পট বয়, টেকনিশিয়ান, ক্যামেরা পার্সন বা লাইটম্যান—ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো কর্মীই রণবীরের সঙ্গে কাজ করবেন না।
এদিকে, এই নিষেধাজ্ঞার সংবাদের মাঝেই অভিনেতা রণবীর সিংয়ের মুখপাত্র মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, রণবীর এই বিতর্ক নিয়ে সচেতনভাবেই নীরব থাকার সিদ্ধান্ত নিয়েছেন। মুখপাত্রের বিবৃতিতে বলা হয়েছে, “সিনেমা জগৎ এবং ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির প্রতি রণবীর যথেষ্ট শ্রদ্ধাশীল। তিনি বিশ্বাস করেন পেশাগত আলোচনার বিষয়গুলো মর্যাদা ও পরিণতির সাথে সামলানোই শ্রেয়। কোনো জল্পনাতেই তিনি বিভ্রান্ত না হয়ে নিজের কাজের ওপরই মনোযোগ দিচ্ছেন।”
তবে ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরে প্রশ্ন উঠছে, এই নিষেধাজ্ঞা রণবীরের ক্রমবর্ধমান ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলবে কি না? ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির সাফল্যের শিখরে থাকা রণবীরের বিরুদ্ধে ফেডারেশনের এই কড়া পদক্ষেপ বলিউডের ক্ষমতা সমীকরণে বড় পরিবর্তন আনতে চলেছে। আপাতত বল এখন রণবীরের কোর্টে, তিনি ব্যক্তিগতভাবে প্রযোজকদের সাথে আলোচনায় বসে এই সমস্যার সমাধান করতে পারবেন কি না, সেটাই দেখার অপেক্ষায় সিনেপ্রেমীরা।





