অনীক দত্ত পরিচালিত নতুন ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’-এর ট্রেলার মুক্তি পেয়েছে। ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে প্রায় সকল কলাকুশলী উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন প্রধান অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। এতে করে পরিচালক অনীক দত্তর সঙ্গে আবীরের সম্পর্কের টানাপোড়েন আরও স্পষ্ট হয়েছে। ছবির প্রচার থেকে আবীরের এই দূরত্ব নিয়ে টলিউডে চলছে নানা গুঞ্জন।
ট্রেলার লঞ্চে আবীরের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে অনীক দত্ত বলেন, “আমি আবীরকে মেসেজ করে জানতে চেয়েছিলাম ছবির ট্রেলার লঞ্চে আসাও কি আলাদা করে প্রমোশনের মধ্যে পড়ে? তবে আমার প্রশ্নের কোনও উত্তর দেয়নি আবীর। ও যেটা ভাল মনে করেছে সেটাই করেছে।” তিনি আরও বলেন, “আমার মনে হয়, প্রমোশন ছাড়াও ভাল ছবি হলে তা এমনিতেই চলবে, দর্শক হলে আসবেন।”
টলিউডের গুঞ্জন, দুর্গাপূজায় মুক্তি পেতে চলা আবীরের অন্য একটি ছবির প্রযোজনা সংস্থার সঙ্গে তার বিশেষ চুক্তি রয়েছে। তাই এই ছবির প্রচারে তিনি অংশ নিতে পারছেন না। এর আগে পরিচালক অনীক দত্ত ও প্রযোজক ফিরদাউসুল হাসান আবীরের এই অসহযোগিতায় ক্ষোভ প্রকাশ করেছিলেন।
এই ঘটনার পরও আবীরের সঙ্গে ভবিষ্যতে কাজ করবেন কি না, এমন প্রশ্নে অনীক দত্ত বলেন, “যদি চরিত্রের কারণে আবীরকে প্রয়োজন হয়, তবে হয়তো করব। তবে যদি আমি আর ছবি করি। বর্তমান পরিস্থিতিতে আমার আর ছবি করার ইচ্ছে নেই…। মান-অভিমানের কোনও জায়গা নেই। ওর কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে, ও সেটাই করেছে।” তিনি উদাহরণ টেনে বলেন, ‘অপরাজিত’ ছবির জন্য আবীরই তার প্রথম পছন্দ ছিলেন, কিন্তু ডেট-সংক্রান্ত সমস্যার কারণে সেটি সম্ভব হয়নি।
আবীর চট্টোপাধ্যায় এই ছবির ট্রেলার তার নিজের সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেননি, যা এই বিতর্কের আগুনে আরও ঘি ঢেলেছে।