সোশ্যাল মিডিয়ায় সর্বদা হাসিখুশি থাকা গায়িকা দেবলীনা নন্দীর জীবনে যে এমন ট্র্যাজেডি লুকিয়ে ছিল, তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি তাঁর অনুরাগীরা। সম্প্রতি ফেসবুক লাইভে এসে নিজের জীবনের যন্ত্রণার কথা জানিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন গায়িকা।
লাইভে এসে দেবলীনা কান্নায় ভেঙে পড়ে জানান, বিয়ের পর থেকেই তাঁর মা-কে নিয়ে শ্বশুরবাড়িতে সমস্যা শুরু হয়। তাঁর কথায়, “আমার মা শিক্ষিত নয়, দেখতে সুন্দর নয় বলে কি মাকে ছেড়ে দেব? বিয়ের পর ছেলেদের তো মা ছাড়তে হয় না, তবে মেয়েদের কেন?” তিনি আরও জানান, আজ তিনি যেটুকু সাফল্য পেয়েছেন তার সবটাই মায়ের ছেঁড়া শাড়ি পরে ত্যাগ স্বীকারের ফল। সেই মা-কে জীবন থেকে বাদ দিয়ে বেঁচে থাকা তাঁর পক্ষে অসম্ভব। লাইভের শেষে ‘আমি ভালো নেই’ বলে চরম সিদ্ধান্ত নেন তিনি।
দেবলীনার অভিন্ন হৃদয় বন্ধু অভিনেতা সায়ক জানিয়েছেন, এখন গায়িকা বিপদমুক্ত। সায়কের দাবি, “বিয়ের আগে থেকেই সমস্যা ছিল। আমি ওকে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বলেছিলাম, কিন্তু ও ব্যালেন্স করার চেষ্টা করেছিল। ওর এখন প্রপার কাউন্সিলিং দরকার।” নিজেকে শেষ করে দেওয়া কোনো সমাধান নয় বলে অনুরাগীদের কাছে দেবলীনার জন্য প্রার্থনা করার আর্জি জানিয়েছেন সায়ক।