রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরাকোন্ডার সাম্প্রতিক বিয়ের ছবি ও মেহেন্দির মুহূর্ত ঘিরে যখন অনুরাগীরা মুগ্ধ, ঠিক তখনই পুরোনো বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠল। সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রশ্মিকা ও তাঁর প্রাক্তন বাগদত্তা রক্ষিত শেঠির কথোপকথনের একটি অডিও ক্লিপ। ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ ছবির সময় থেকে শুরু হওয়া সেই সম্পর্ক এবং পরবর্তী বিচ্ছেদের ঘটনা আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে।
এই ভাইরাল ক্লিপিংসের জেরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। দীর্ঘ আট বছর ধরে চলা হেনস্থার বিরুদ্ধে মুখ খুলে রশ্মিকা সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন ও কড়া পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, “গত চব্বিশ ঘণ্টায় ভাইরাল হওয়া এই অডিও ক্লিপটি বিকৃত এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু পেজ থেকে ছড়ানো হচ্ছে। এতদিন আমি চুপ থেকে নিজেকে ভালো রাখার চেষ্টা করেছি, কিন্তু মানুষ যেভাবে আমার ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করছে, তা মেনে নেওয়া যায় না। এবার আমি এর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেব।”
বিয়ের পর সব বিতর্ক এড়িয়ে ব্যক্তিগত জীবনে সুখী হতে চাইলেও, সাইবার বুলিং ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন নিয়ে রশ্মিকার এই রুদ্রমূর্তি আবারও প্রমাণ করল যে, তারকাদের ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে তথাকথিত ট্রোলের সীমা ছাড়িয়ে যাওয়া এখন এক বড় সমস্যা। বিমানবন্দরের ভিডিওতে তাঁকে মুখ ঢেকে বেরিয়ে যেতে দেখা গেছে, যা তাঁর মানসিক অস্বস্তিরই প্রতিফলন।