কমেডিয়ান কপিল শর্মা-কে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তার জনপ্রিয় নেটফ্লিক্স শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর একটি এপিসোডে মুম্বইকে ‘বোম্বে’ বা ‘বাম্বাই’ বলায় কড়া সমালোচনার মুখে পড়েছেন তিনি। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) স্পষ্ট জানিয়েছে, শহরের পুরোনো নাম ব্যবহার আর বরদাস্ত করা হবে না।
বিতর্কের সূত্রপাত একটি ক্লিপ থেকে। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী হুমা কুরেশি ও তার ভাই সাকিব সালেম। কথোপকথনের মাঝখানে হুমা ভুল করে মুম্বইকে ‘বোম্বে’ বলে ফেলেন। সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন এমএনএস মুখপাত্র আমেয় খোপকর। তিনি বলেন, মুম্বইয়ের নামকরণ তিন দশক পার হয়ে গেলেও বলিউডের নানা মঞ্চে এখনও পুরোনো নাম ব্যবহার করা হয়, যা শহর ও শহরবাসীর প্রতি অসম্মান।
আমেয় খোপকর মনে করিয়ে দেন, ১৯৯৫ সালে মহারাষ্ট্র সরকার এবং ১৯৯৬ সালে কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে ‘বোম্বে’ নাম বদলে ‘মুম্বই’ করেছে। তিনি কপিল শর্মা ও তার টিমকে সতর্ক করে দিয়ে বলেন, এখন থেকে অতিথি বা সঞ্চালক, সকলেরই ‘মুম্বই’ নাম ব্যবহার করা বাধ্যতামূলক। অন্যথায় এমএনএস পথে নামবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
স্থানীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কপিলকে সরাসরি আক্রমণ করে বলেন, “আপনি মুম্বইকে আপনার কর্মভূমি বানিয়েছেন। এখানকার মানুষ আপনাকে ভালোবাসে, তাই এই শহরকে অসম্মান করবেন না। যদি ভুলবশত এটা হয়ে থাকে, তবে দ্রুত সংশোধন করুন।”