ফুসফুসে বালি-নোনা জল, দ্বিগুণ ফুলেছিল শরীর! রাহুল বন্দ্যোপাধ্যায়ের ময়নাতদন্তে ভয়ানক তথ্য

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে টলিপাড়ায় শোকের ছায়া। তবে তাঁর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসতেই দানা বাঁধছে একাধিক রহস্য। তমলুক হাসপাতাল সূত্রের খবর, অভিনেতার ফুসফুস, খাদ্যনালি এবং পাকস্থলীর ভেতর প্রচুর পরিমাণে বালি ও নোনা জল পাওয়া গিয়েছে। বালি ও জল ঢোকার কারণে তাঁর ফুসফুস স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ ফুলে গিয়েছিল। চিকিৎসকদের অনুমান, রাহুল প্রায় এক ঘণ্টারও বেশি সময় জলের নিচে ডুবে ছিলেন।

এদিকে, রবিবার বিকেলে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শ্যুটিং সেটে ঠিক কী ঘটেছিল, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। উদ্ধার হয়েছে শ্যুটিংয়ের ক্যামেরা ফুটেজ। আর্টিস্ট ফোরামের দাবি, শ্যুটিং শেষে রাহুল জলে নামলে আচমকাই ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শোনা যায়। যদিও লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, স্ক্রিপ্টে গভীর জলে নামার কোনও দৃশ্যই ছিল না। তাহলে ভর সন্ধ্যায় কেন অভিনেতা জলে নামলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সহ-শিল্পীরা।

ইতিমধ্যেই সুদীপ্তা চক্রবর্তী, রূপাঞ্জনা মিত্রের মতো তারকারা এই মৃত্যুর নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। রূপাঞ্জনা মিত্র সরাসরি আর্টিস্ট ফোরামের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পুলিশি তদন্তের দাবি তুলেছেন। আজ দুপুরে মরদেহ কলকাতায় পৌঁছালে বিজয়গড়ে শেষ শ্রদ্ধা জানানো হবে অভিনেতাকে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy